ফার্মেসির মালিক আল আমিন গ্রেপ্তার, মামলা
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০১৯
ইং
বদরগঞ্জে নাজমুল মেডিকেলে অবৈধ ওষুধ জব্দের ঘটনা
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে নামজুল মেডিকেলে অভিযান চালিয়ে অবৈধ ওষুধ জব্দের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করাসহ ফার্মেসির মালিক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তদন্ত শেষে থানার পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করাসহ তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এ ঘটনার মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাজারে নাজমুল মেডিকেল থেকে অবৈধ ওষুধ উদ্ধারের ঘটনায় রোববার রাত থেকে ঘটনার সুষ্টু তদন্তসহ এ সিন্ডিকেটের মূল হোতাদের ধরতে একের পর এক অভিযান পরিচালানা করে সদর থানার পুলিশ। অভিযানকালীন সময়ে আর কেউ আটক না হলেও বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে এ মামলায় ফার্মেসির মালিক আল আমিনকে গ্রেপ্তার দেখায় পুলিশ। আজ তাঁকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় সদর থানার পুলিশ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, গোপন সংবাদের মাধ্যমে অভিযান চালিয়ে বদরগঞ্জ বাজারে নাজমুল মেডিকেল থেকে বেশ কিছু অবৈধ ওষুধ জব্দ করে পুলিশ। পরে এ ঘটনার মূল হোতাদের ধরতে অভিযানসহ ঘটনার সুষ্ঠু তদন্তে নামে পুলিশ। আজ সদর থানার পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে ওই ফার্মেসি মালিককে গ্রেপ্তার করে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপপরিদর্শক একরামুল হোসেন ফোর্সসহ বদরগঞ্জ বাজারে নাজমুল মেডেকেলে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা বেশকিছু যৌন উত্তেজক ট্যাবলেট, গরু ও মানুষ মোটাতাজাকরণ ট্যাবলেটসহ খোলা বাজারে বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মূল্য ১০-১২ হাজার টাকা। এ সময় ফার্মেসির মালিক আল আমিন হোসেনকে নেওয়া হয় থানা হেফাজতে। পরে এ সকল ওষুধের উৎসসহ এ সিন্ডিকেটের সদস্যদের আটক করতে অভিযান শুরু করে পুলিশ।
কমেন্ট বক্স