হাসপাতাল চত্বরে উত্তেজনা : পুলিশ মোতায়েন
- আপলোড তারিখঃ
১৮-০৬-২০১৯
ইং
চুয়াডাঙ্গার নিলার মোড়ে পূর্বশত্রুতায় যুবককে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার নিলার মোড়ে পূর্বশত্রুতায় দুজনের আহতের ঘটনায় সদর হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল রাত নয়টার পর প্রায় দুই ঘণ্টাব্যাপী দুই গ্রুপের নেতা-কর্মীদের উপস্থিতিতে এ অবস্থা বিরাজ করে। পরে সেখানে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।
জানা যায়, গতকাল সোমবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার নিলার মোড়ে পূর্বশত্রুতার জের ধরে সোহাগ (২০) নামের এক যুবককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটে। আহত সোহাগ চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জপাড়ার আফজাল আলীর ছেলে। এ সময় আরও আহত হন নিলার মোড়ের মৃত সালতাব আলীর ছেলে খাইরুল (২৮)। পরে আহত দুই ব্যক্তি সোহাগ ও খাইরুলের লোকজন সদর হাসপাতাল চত্বরে উপস্থিত হয়ে বিপরীতমুখী অবস্থান নেয়। এতে করে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি শঅন্ত করে।
আহত সোহাগ জানান, ‘বন্ধুদের সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গার সুমিরদিয়া নিলার মোড়ের ওপর দিয়ে যাচ্ছিলাম। এ সময় ঐ এলাকার খাইরুল পথ রোধ করে আমার আক্রমণ করে। এতে আমি রক্তাক্ত জখম হলে আমাকে বাঁচাতে বন্ধুরা এগিয়ে এলে খাইরুলের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় খাইরুলও আহত হয়।’
এ ঘটনায় রক্তাক্ত জখম অবস্থায় সোহাগকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর আহত খাইরুলও সদর হাসপাতালে হন।
এ বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, দুজনকেই ভর্তি প্রয়োজনীয় চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, চুয়াডাঙ্গার নিলার মোড়ে পূর্বশত্রুতায় দুজনের আহতের ঘটনায় সদর হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। যদি লিখিত অভিযোগ পাই তবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
কমেন্ট বক্স