ফেনসিডিল-ইয়াবাসহ আটক ৩ : ভারতীয় মালামাল উদ্ধার
- আপলোড তারিখঃ
১০-০৪-২০১৮
ইং
দামুড়হুদার বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক চোরাচালান বিরোধী অভিযান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় পৃথক অভিযান চালিয়ে তিন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল, ইয়াবা, ভারতীয় শাড়ী-কাপড়, বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। দামুড়হুদার সুলতানপুর বিওপি, দর্শনা বিওপি ও দর্শনা আইসিপি বিজিবি সীমান্ত এলাকার ঝাঝাডাঙ্গা, ঈশ্বরচন্দ্রপুর ও জয়নগরে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার ও চোরাকারবারীদের আটক করে। আটককৃত তিনজনের বিরুদ্ধে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, শাড়ী, জিন্স প্যান্ট, ওয়ান পিস কাপড়, ওড়না, পাঞ্জাবী, তোয়ালে, বোরকা, সিগারেট, ভেনিটি ব্যাগ এবং বিভিন্ন প্রকার ওষুধ এর সর্বমোট মূল্য ২ লাখ ৩ হাজার ৪২০ টাকা। উদ্ধারকৃত মালামাল থানা ও কাস্টমস অফিসে জমা করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর জি+ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত রোববার সকাল আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার ঝাঝাডাঙ্গা গ্রামে অভিযান চালান। এ সময় ঝাঝাডাঙ্গা বাগানপাড়া নামক স্থান হতে শহিদুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮২ বোতল ভারতীয় ফেনসিডিল। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩২ হাজার ৮০০ টাকা। আটককৃত শহিদুল ইসলাম (৬০) ঝাঝাডাঙ্গা গ্রামের বাগানপাড়ার মৃত আক্কাছ আলীর ছেলে। উদ্ধারকৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে, গত রোববার বিকাল আনুমানিক ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযান চালান। এসময় গ্রামের কানকাটা ব্রীজ নামক স্থান হতে দুইজনকে আটক করেন। তাদের কাছ থেকে ৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৬ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ হাজার ২০০ টাকা। আটককৃতরা হলো, দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুরের ইসলাম মীরের ছেলে ইলিয়াস মীর (৩৮) ও একই গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪০)। উদ্ধারকৃত ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ হাবিলদার আশানুল হক বাদী হয়ে বর্নিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
অপরদিকে, গত রোববার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার জয়নগরে অভিযান চালান। এ সময় জয়নগর গ্রামের দর্শনা আইসিপি নামক স্থান হতে ৪টি শাড়ী, ৪টি জিন্স প্যান্ট, ৫টি ওয়ান পিস কাপড়, ১৪টি ওড়না, ২টি পাঞ্জাবী, ১০টি তোয়ালে, ৩টি বোরকা, ২৭ প্যাকেট ইজি লাইট সিগারেট এবং ৯টি ভেনিটি ব্যাগ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৪৫০ টাকা।
এছাড়া, গত রোববার সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদার জয়নগরে পৃথক অভিযান চালান। এসময় জয়নগর গ্রামের দর্শনা আইসিপি নামক স্থান হতে ৩৭ প্রকার বিভিন্ন ধরনের ঔষধ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৯১ হাজার ৯৭০ টাকা।
কমেন্ট বক্স