খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন : প্যারালাইসিস হওয়ার আশঙ্কা
- আপলোড তারিখঃ
১০-০৪-২০১৮
ইং
ডেস্ক রিপোর্ট: বয়সজনিত নানা রোগে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যেকোনও সময় আঘাতজনিত পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপিপন্থী চিকিৎসকেরা। গতকাল সোমবার (৯ এপ্রিল) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
লিখিত বক্তব্যে অধ্যাপক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘বয়সজনিত নানা রোগব্যাধিতে আক্রান্ত একজন বয়স্ক নারীর এই নির্জন মানবেতর করাবাস স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে, তা সাধারণ মানুষকেও গভীরভাবে ভাবিয়ে তুলেছে।’ তিনি বলেন, ‘এই পিচ্ছিল স্যাঁতসেঁতে পরিবেশে যেকোনও সময়ে পড়ে গিয়ে তার হাটু, উরুসন্ধি, হাত ও মেরুদ-ের হাড়ভাঙাসহ মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডে আঘাতজনিত পক্ষাঘাত রোগ ঘটতে পারে। নির্জন, নিঃসঙ্গ, নিরাপত্তাহীন পরিবেশের কারণে নিদ্রাহীনতা, উদ্বেগ, বিষন্নতাসহ নানা মানসিক রোগাক্রান্ত হয়ে পড়ার সম্ভবনা বহুগুণ বেড়ে গেছে।’
ডা. সাইফুল ইসলাম খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে আরও বলেন, ‘বিরূপ, নিপীড়নমূলক পরিবেশ ও অস্বাভাবিক মানসিক চাপের ফলে খালেদা জিয়ার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। পুরনো, পরিত্যক্ত দূষণযুক্ত ভবনের বিষাক্ত পরিবেশে তার মারাত্মক ওষুধ-প্রতিরোধী জীবাণু দ্বারা ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ার সম্ভবনা বেশ প্রবল হয়ে উঠতে পারে।’ তিনি জানান, সূর্যের আলো ছাড়া স্যাঁতসেঁতে পরিবেশে বিএনপি চেয়ারপারসনের ভয়ঙ্কর মাত্রার ভিটামিন-ডি ও ক্যালশিয়ামের শূন্যতা দেখা দিতে পারে, যা তার হাড়ের জন্যে মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এই বয়স ও স্বাস্থ্যগত অবস্থায় ব্যক্তিগত পরিচর্যার বিষয়টি সুচিকিৎসার স্বার্থেই গুরুত্ববহ হয়ে ওঠে এবং তা কেবল পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগেই নিশ্চিত করা সম্ভব। ড্যাব অভিযোগ করেছে, খালেদা জিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন। এই কারাগারের বসবাস অযোগ্যতা ছাড়াও নিয়মিত চিকিৎসার কোনও সুযোগ-সুবিধা নেই।
কমেন্ট বক্স