ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত স্কুলছাত্রের মৃত্যু
- আপলোড তারিখঃ
০১-০৪-২০১৮
ইং
জীবননগরের ধোপাখালীতে ব্রিজ নির্মাণকাজের পাইপ ট্রাকে তোলার সময় দুর্ঘটনা
জীবননগর অফিস: জীবননগর ধোপাখালী গ্রামের ব্রিজ নির্মাণে ব্যবহৃত পাইপ মাথায় পড়ে আহত স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ধোপাখালী গ্রামের ব্রিজ শেষে পাইলিংয়ের পাইপ স্থানান্তরের সময় দুর্ঘটনাবশত দড়ি ছিড়ে লোহার পাইপ স্কুলছাত্র রাফিদের মাথায় পড়ে। এতে গুরুতর আহত সে। পরে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। গতকাল শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিদের মৃত্যু হয়। স্থানীয় সুত্রে জানা গেছে, জীবননগরের ধোপাখালী গ্রামে কিছুদিন আগে ব্রিজ নির্মাণকাজ শেষে পাইলিংয়ের পাইপ স্থানান্তরের জন্য দড়ি দিয়ে ট্রাকে তোলা হচ্ছিলো। এ সময় ধোপাখালী গ্রামের আমিরুল ইসলামের ছেলে ধোপাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র রাফিদ (৭) রাস্তা দিয়ে যাচ্ছিলো। শিশুটি ট্রাকের নিকট আসলে দুর্ঘটনাবশত পাইপে বাধা দড়ি ছিড়ে যায় এবং পাইপ শিশুর মাথার উপর পড়ে। এ সময় স্থানীয়রা শিশু রাফিদকে গুরুতর অবস্থায় উদ্ধার কজরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। গত দুই দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে, সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গোটা পরিবারের লোকজন। এ ব্যাপারে ওই কাজের ঠিকাদার শামসুদ্দোহা মল্লিকের সাথে কথা বললে তিনি বলেন, এটা নেহায়েত দুর্ঘটনা। ট্রাকে পাইপ তোলার সময় দড়ি ছিড়ে ওই শিশুর মাথায় পড়ে। শিশুর মৃত্যু আসলেই দুঃখজনক। আমি মর্মাহত। জীবননগর থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন, ধোপাখালী গ্রামে ব্রিজ নির্মাণকাজের পাইপ ট্রাকে তোলার সময় দড়ি ছিড়ে পড়ে যে শিশুটি আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিল, ওই শিশুর মৃত্যু হয়েছে বলে আমাকে টেলিফোনের মাধ্যমে জানিয়েছে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ হয়নি।
কমেন্ট বক্স