সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা দামুড়হুদার দলকা-লক্ষীপুরে রাস্তা নির্মাণে অনিয়ম : নিম্নমানের বালি-মাটি ব্যবহার

  • আপলোড তারিখঃ ১৩-০৩-২০১৮ ইং
চুয়াডাঙ্গা দামুড়হুদার দলকা-লক্ষীপুরে রাস্তা নির্মাণে অনিয়ম : নিম্নমানের বালি-মাটি ব্যবহার
মাটি বালি সরিয়ে ভালো বালি দেবেন ঠিকাদার : অনিয়মে ছাড় দেবে না এলজিইডি বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলাধীন দামুড়হুদার দলকা-লক্ষীপুর থেকে জুড়ানপুর নতুন রাস্তা নির্মাণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বালি-মাটি ভেজাল করাসহ নিম্নমানের মালামাল ব্যবহারও করা হচ্ছে বলে জানা যায়। সংশ্লিষ্ট কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার মালিক ট্রেডার্স কৌশলে এ কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর এড়াতে নির্মানাধীন রাস্তার দুই পাশের প্রবেশ মুখে ভালো বালি দেওয়া হলেও বাকি রাস্তায় বালির পরিবর্তে মাটি ফেলাসহ রাস্তার পাশের আবাদি জমি নষ্ট করে বালি উত্তোলন করে সেই মাটি বালি রাস্তায় দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে প্রসঙ্গে অভিযোগ করেছেন গ্রামবাসী। রাস্তা নির্মাণের সময় চুয়াডাঙ্গার মালিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী আরিফুল ইসলাম সোনা মিয়া কাজ করার সময় রাস্তা খোড়ার পর ১০ ইঞ্চি বালি ফেলার কথা থাকলেও কৌশলে সংশ্লিষ্টদের নজর এড়াতে রাস্তার দুই পাশের প্রবেশ মুখে ভালো বালি দিলেও বাকি রাস্তায় নিম্ম মানের মাটি/বালি উত্তোলন করে রাস্তায় দিলে গ্রামবাসীর বাঁধার মুখে পড়ে। গ্রামবাসীরা অভিযোগ করেন, ‘রাস্তার কাজে চিকন ও ফ্রেশ বালি ব্যবহারের কথা থাকলেও রাস্তার পাশের আবাদী জমি থেকে গভীর খনন করে মাটিযুক্ত বালি উত্তোলন করে রাস্তায় দেয়া হচ্ছে। এতে হুমকির মুখে পড়ছে আশপাশের আবাদী ফসলসহ জমি।’ এ বিষয়ে ঠিকাদার আরিফুল ইসলাম সোনা মিয়া বলেন, ‘রাস্তায় কিছুটা মাটি বালি ফেলা হয়েছে যা দুই এক দিনের মধ্যে সরিয়ে ভালো বালি দেওয়া হবে।’ সরাতেই যখন হবে, তবে কেনো খারাপ বালি দেয়া হলো প্রশ্নে উত্তর মেলেনি তার কাছ থেকে। এদিকে প্রভাব খাটিয়ে উজিরপুর গ্রামের আব্দুল আলিম কোন অনুমোদন ছাড়াই ফসলি জমি নষ্ট করে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে নির্মানাধীন রাস্তায় দেওয়ার জন্য ট্রলিপ্রতি ১২ থেকে ১৩’শ টাকায় চুয়াডাঙ্গার মালিক ট্রেডার্সের কাছে বিক্রি করছে বলে জানা যায়। সংশ্লিষ্ট কাজের তদারকিতে থাকা এলজিইডি’র কর্মকর্তা প্রকৌশলী মাহবুব রহমান জানান, শিডিউল অনুযায়ী রাস্তা নির্মাণে ১০ ইঞ্চি লোকাল স্যান্ড পয়েন্ট ৫ এফএম বালি দেয়ার কথা রয়েছে। এরসাথে পর্যায়ক্রমে ওই বালির সাথে মিক্স করে ৬ ইঞ্চি খোয়া ও ১ ইঞ্চি কার্পেটিং পিচ দেয়ার কথা রয়েছে। সেক্ষেত্রে মাটি ও বালির মিশ্রণ হলে তা রাস্তায় দেয়ার অনুপযোগী। ওই রাস্তায় আমাদের উপ-সহকারী প্রকৌশলী আসাদুল হক তদারকি করছেন। তার কাছ থেকে জানা মতে- রাস্তায় সঠিক ভাবেই কাজ চলছে। রাস্তায় নির্মাণ কাজের বিষয়ে যে অভিযোগ করা হচ্ছে তা খতিয়ে দেখা হবে এবং অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হবে; কোন ছাড় দেয়া হবে না। তবে জেলা প্রশাসকের অনুমতি না থাকায় বালি উত্তোলন করতে না পারায় উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে বলেও তিনি জানান। উল্লেখ্য, দামুড়হুদার দলকা-লক্ষীপুর থেকে জুড়ানপুর পর্যন্ত এলজিইডির বাস্তবায়নে ৩ হাজার ৬’শ ৭০ মিটার রাস্তাটি ১ কোটি ৮১ লক্ষ ৫৬ হাজার ৯’শ ৭ টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে। যা উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে আত্মহত্যার হার নিয়ে উদ্বেগজনক চিত্র, এক বছরে ৩০১ জনের মৃত্যু