ভারতীয় সার্জিক্যাল যন্ত্রাংশ ও মদ উদ্ধার
- আপলোড তারিখঃ
০৭-০৩-২০১৮
ইং
জীবননগর ও দামুড়হুদায় বিজিবির পৃথক অভিযান
নিজস্ব প্রতিবেদক: জীবননগর ও দামুড়হুদার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সার্জিক্যাল যন্ত্রাংশ ও ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার ও গত সোমবার পৃথক অভিযানে এ মালামাল ও মদ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর থানার পাকা রাস্তা হতে ১৬৩৬০টি ভারতীয় সার্জিক্যাল যন্ত্রাংশ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৯৪ হাজার টাকা। এদিকে, একইদিন মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মাঝপাড়া থেকে ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। অপরদিকে, গত সোমবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. জাহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার বারাদি গ্রামের মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। উদ্ধারকৃত ভারতীয় সার্জিক্যাল যন্ত্রাংশ, ৬০ বোতল ভারতীয় মদ’র সর্বমোট মূল্য ৩৮ লাখ ৪ হাজার টাকা। উদ্ধারকৃত মালামাল কাষ্টমস অফিসে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স