দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আটক
- আপলোড তারিখঃ
১৪-০২-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটকে (৪৮) নাশকতার অভিযোগে পুলিশ আটক করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা চটকাতলা থেকে তাকে আটক করে। বুলেট দর্শনা পৌর এলাকার পরানপুর গ্রামের মৃত ওহাব মন্ডলের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে বিশেষ অভিযান চালায় তদন্ত কেন্দ্র সংলগ্ন চটকাতলায়। এসময় মোটরসাইকেল যোগে দর্শনা পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট সেখানে উপস্থিত হলে পুলিশ তার গতিরোধ করে তাকে আটক করে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়েরকৃত দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে দর্শনা এলাকায় নাশকতা করার সংবাদ আছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দর্শনা পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেটকে আটক করেছে। নাশকতামূলক কর্মকান্ড করে শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নাশকতাকারীদের গ্রেফতার করছে। এ বিষয় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ বলেন, বুলেট পুলিশের গায়ের উপর মোটরসাইকেল তুলে দেওয়ায় তাকে আটক করা হয়েছে। ৯০ দশকের এই ছাত্রনেতাকে আটক করায় অনেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। ৯০ দশকের বেশ কয়েকজন ছাত্রনেত ফোনে সময়ের সমীকরণ এর সাংবাদিকের কাছে নিন্দা ও প্রতিবাদ জানান।
কমেন্ট বক্স