সভাপতি পিপুল দপ্তর সম্পাদক মধু ও সদস্য হারুন রাজু বহিস্কার
- আপলোড তারিখঃ
১১-০২-২০১৮
ইং
দর্শনা প্রেসক্লাবের গঠনতন্ত্র পরিপন্থী কার্যে লিপ্ত থাকার অভিযোগ : সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক: দর্শনা প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভায় গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপসহ নানা অনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান মধু ও সদস্য হারুন অর রশিদ রাজু ওরফে হারুন রাজুকে বহিস্কার করা হয়েছে। প্রেসক্লাবের সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলার দর্শনার সাংবাদিকদের একমাত্র সংগঠন দর্শনা প্রেসক্লাব। এ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর পর নির্বাচনের মাধ্যমে একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালিত হবার কথা। কিন্তু বর্তমান কমিটির সভাপতিসহ পরিষদের বেশ কয়েকজন সদস্য সংগঠনের গঠনতন্ত্রের কোন তোয়াক্কা না করে তাদের খেয়াল-খুশি মত কার্যক্রম পরিচালনা করে আসছে। তারা প্রেসক্লাবকে অকার্যকর করে বিভিন্ন স্থানে পদ পদবী ব্যবহার করে অবৈধ পথ অবলম্বন করে আসছে। এতে করে সংগঠনসহ সাংবাদিক ও সুধী মহলে নানা ক্ষোভের সঞ্চার হয়েছে। এ বিষয়ে সংগঠনের সাধারন সম্পাদক বিভিন্ন সময়ে মৌখিক ও লিখিতভাবে একাধিকবার তাদেরকে সতর্ক করলেও তারা কর্ণপাত করেনি। এ অবস্থা নিরসনে বেশ কয়েকবার প্রেসক্লাব কার্যালয়ে কার্যনির্বাহী পরিষদসহ কয়েকটি সভার আয়োজন করা হলে তারা সভায় অনুপস্থিত থাকে। এমতাবস্থায় গতকাল শনিবার সন্ধ্যায় বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়। সাধারন সভায় বিস্তারিত আলোচনা শেষে প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলকে অবৈধ লাগেজ ব্যবসায় লিপ্ত থাকায় গঠণতন্ত্রের ৯ এর গও ঘ ধারায়, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান মধু মাদক চোরাচালানির সাথে সম্পৃক্ততা থাকায় ৯ এর ঘ ধারায় এবং বহুল আলোচিত নারী কেলেংকারীতে জড়িত থাকার অভিযোগে সদস্য হারুন অর রশিদ রাজু ওরফে হারুন রাজুকে ৯ এর ঘ ধারায় বহিস্কার করা হয়।
প্রেসক্লাবের সাধারন সম্পাদক চঞ্চল মেহমুদ আরও জানান, এখন থেকে প্রেসক্লাব সংক্রান্ত কোন বিষয়ে বহিস্কৃতদের সাথে যোগাযোগ না করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে। সেই সাথে সর্বসম্মতিক্রমে সংগঠনের সহ-সভাপতিকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবে বলে সদ্ধান্ত গৃহিত হয়।
কমেন্ট বক্স