আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ রাষ্ট্র বিরোধী কার্যকলাপ, নাশকতা ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার পায়তারার অভিযোগে আলমডাঙ্গা উপজেলা বিএনপির তিন নেতা আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গত ১০/০৬ /১৭ তারিখে রাত আনুমানিক দেড়টার দিকে আলমডাঙ্গা উপজেলার পাঁচলিয়া গ্রামের সারজেদ আলী মালিতার ছেলে মও. সাইফুল ইসলামের বাড়িতে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামের মৃত সাবান আলীর ছেলে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মজিবর রহমান (৬৪), গোবিন্দপুর এক্সচেঞ্জ পাড়ার মৃত ইয়াসিন আলীর ছেলে পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান (৪৮) ও কলেজপাড়ার মৃত মুন্সি জানার উদ্দিনের ছেলে পৌর বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান পিন্টু (৪৯) গোপন বৈঠক করেছে। তারা রাষ্ট্র বিরোধী কার্যকলাপ, নাশকতা সৃষ্টি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করার পায়তারা করার তাদের সন্দেহভাজন আসামী হিসেবে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় গোবিন্দপুর গ্রামের মজিবর রহমানের বাসা থেকে আটক করা হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বৃহস্পতিবার রাতে বিএনপির বিভিন্ন পর্যায়ের ৭জন নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত নেতাকর্মীরা হলো ঈমান আলী (৩২), বুকুল হোসেন (৪৭), সাংবাদিক রফিকুল হাসান তোতা (৩৫), জাহাঙ্গীর (৪০), শওকত আলী আশা (৪০), আরিফুল ইসলাম (৩৫) ও শফিকুল হোসেন (৫২)। আজ শুক্রবার এদেরকে আদালতে সোপর্দ করবে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সূত্রে সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে এসআই তপন কুমার নন্দী, এসআই উত্তম ভট্টাচার্য, এসআই মেজবাহুর রহমান, এএসআই এজাজুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে

দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালায়। এ অভিযানে নাশকতার অভিযোগে দামুড়হুদা উপজেলার বিএনপির ছাত্রদলের সাবেক সধারণ সম্পাদক দামুড়হুদা বাজার পাড়ার মৃত হেলা ডাক্তারের ছেলে আরিফুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়নের দলিয়ারপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত. অমির হোসেনের ছেলে শফিকুল হোসেন, নাটুদহ ইউনিয়ন বিএনপির সদস্য জগনাথপুর গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে ঈমান আলী, সদর ইউনিয়নের চিৎলা গ্রামের কানন মন্ডলের ছেলে বিএনপি সমর্থক বকুল হোসেন, হাউলী ইউনিয়নের তারনীপুর গ্রামের আবুবকর মালিতার ছেলে ও দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার হাউলী ইউনিয়ন প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম তোতা, সদর ইউনিয়নের মুক্তারপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে জাহাঙ্গীর, নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের হেমায়েত হোসেনের ছেলে শওকত আলী আশাকে আটক করে। তাদের বিরুদ্ধে নশকতার মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার এদেরকে আদালতে সোপর্দ করা হবে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কেউ নাশকতা করার চেষ্টা করলে তাদেরকে আইনের আওতায় আনা হবে কোন ছাড় দেওয়া হবে না। এই অভিযান অব্যহত থাকবে।