ডেস্ক রিপোর্ট: আগামীকাল ৮ ফেব্রুয়ারী জিয়া অরফানেষ্ট ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পূর্বনির্ধারিত দিন। রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সারাদেশে নাশকতা কর্মকান্ড ঘটাতে না পারে তার জন্য সারা দেশে পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করছে। তারই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গায় জামায়াত-শিবির ও বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, নাশকতার অভিযোগে জামাত শিবিরের সদস্য নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বজলুর রহমান পিন্টুকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে তাকে স্কুল প্রাঙ্গণ থেকে আটক করা হয়। পরে আটককৃতকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার এসআই শাজাহানসহ সঙ্গীয় টিম গতকাল দুপুরের সময় সদর উপজেলার নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক বজলুর রহমান পিন্টকে (৪২) আটক করেন। আটককৃত বজলুর রহমান পিন্টু জামাত শিবিরের সদস্য। তার বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে থাকায় তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ। সে বোয়ালমারী গ্রামের পশ্চিম পাড়ার মৃত বদর উদ্দীনের ছেলে।

আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ৬ কর্মিকে আটক করেছে। আটককৃতদের গতকাল মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালায়। অভিযানে বড় বোয়ালিয়া গ্রামের মৃত চাঁদ আলী শাহ’র ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), কুমারী ইসলামপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে গিয়াস উদ্দিন (২৫), কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত আনছার আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), একই গ্রামের আজিবার রহমানের ছেলে মানোয়ার (৫০), নাগদাহ ইউনিয়নের চিলাভালকী গ্রামের খন্দকার সামাদ আলীর ছেলে আহাদ আলীকে (৪৫) আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির পরিকল্পনাকারী হিসেবে মামলা হয়েছে। গতকাল তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও থানা পুলিশ কালিদাসপুর গ্রাম থেকে ওয়ারেন্টের আসামী মোহন আলীর ছেলে ফারুক হোসেনকে (৩৫) আটক করে। তাকেও জেলহাজতে প্রেরণ করা হয়।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, সোমবার দিনগত রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৫ জনকে গ্রেফতার করে জেলহাজতে দিয়েছে। দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে আটককৃতরা হলেন, উপজেলার কুড়–লগাছি ইউনিয়ন জামায়াতের আমীর মৃত দাউদ আলীর ছেলে আফাজ উদ্দীন (৪৮), কুড়–লগাছি গ্রামের জামায়াত কর্মী সাঈদুর রহমান (৪০), পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ছয়ঘরিয়া গ্রামের হাজী ছানোয়ারের ছেলে সরোয়ার হোসেন সাগির (৩৮), হুদাপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে জামায়াত সদস্য বাবু (৩৫), বিএনপি’র চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নির্বাহী সদস্য দর্শনা মোবারকপাড়ার আলী হোসেনের ছেলে নাসির উদ্দীন হাসু (৩২)। এদেরকে পুলিশ গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ঠ আদালতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে আটক রাখার আদেশ দেন। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।