বদলে যাচ্ছে কৃষি পদ্ধতি; সচেতন হচ্ছেন কৃষকরাও
- আপলোড তারিখঃ
০৬-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গার সুবদিয়ায় শস্য কর্তন ও মাঠদিবসে কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর
নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়ত চাষাবাদের পদ্ধতি যেমন বদলে যাচ্ছে কৃষকরাও তেমনি হচ্ছেন সচেতন। তারাও চাষাবাদে প্রয়োগ করছেন আধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তি শুধু কৃষকদেরকে নয় সমৃদ্ধ করছে কৃষাণিদেরও। তারাও এখন অনেক সচেতন। এসব কথা বলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর। সোমবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া মাঠে শস্য কর্তন উপলক্ষে আয়োজিত মাঠদিবসে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মাঠ সমন্বয়কারি মীর আব্দুল মান্নান, আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার আলমগীর রশিদ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল করিম ও মোছা. শেফালী খাতুন। ওয়ালমার্ট ফাউন্ডেশনের সবজি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ (এভিপিআই) প্রকল্পের আওতায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) এ মাঠ দিবসের আয়োজন করে। বক্তৃতা করেন কৃষাণী শিখা খাতুন। আলোচনা অনুষ্ঠানের আগে কৃষক আজিজুল হকের টমেটোর ক্ষেত থেকে টমেটো তোলা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া কৃষক কৃষাণীরা বলেন, টমেটোর ক্ষেতের যে অংশে গুটি ইউরিয়া ব্যবহার করা হয়েছে সেখানে উৎপাদন ভাল হয়েছে। সেই তুলনায় সাধারণ ইউরিয়া সারে উৎপাদন হয়েছে কম।
কমেন্ট বক্স