জনগণ ভালই সেবা পাচ্ছে; এর থেকেও ভালো সেবা পাবে
- আপলোড তারিখঃ
০৪-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনকালে জাতীয় সংসদের হুইপ ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মী ও হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সাথে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি কিছু রোগীর সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। পরে হুইপ ছেলুন জোয়ার্দ্দার সিভিল সার্জনের কক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ চারিতায় হুইপ ছেলুন বলেন, ‘হাসপাতালের মূল উদ্দেশ্যে রোগীদের সেবা প্রদান করা। আমরা সে বিষয়টি নিশ্চিত করতে পেরেছি।’ নতুন উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসপাতালে জনবল সংকট আছে। শিঘ্রই সে সমস্যা নিরসনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়া চলছে। চিকিৎসক সংকট নিরসনে বর্তমান সরকার ৭ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে; শিঘ্রই তা বাস্তবায়ন হবে। এখন জনগণ ভালই সেবা পাচ্ছে; এর থেকেও ভালো সেবা পাবে সে ভাবেই চেষ্টা করছি।’ নতুন ভবন চালু করণ প্রসঙ্গে হুইপ ছেলুন বলেন, ‘এটি সরকারের নীতি নির্ধারণের ব্যাপার। শুধু চুয়াডাঙ্গা নয়; সারা বাংলাদেশেই এরকম অবকাঠামো তৈরী হয়েছে। এক সাথেই সব চালু হবে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলী হোসেন, সার্জারী কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. তারিক হাসান শাহিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির প্রমূখ।
কমেন্ট বক্স