ক্রীড়ায় ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরকেও এগিয়ে আসতে হবে
- আপলোড তারিখঃ
০৪-০২-২০১৮
ইং
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেছেন, ‘নিয়মিত ক্রীড়া অনুশীলন শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করে এবং তাদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরি হয়। তিনি লেখাপড়ার পাশাপাশি শিক্ষাসংস্কৃতি চর্চা ও ক্রীড়ায় ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরকেও এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয় (চাঁদমারী মাঠ) মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাসুদউজ্জামানে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুরজাহান খানম, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। শনিবার দিনব্যাপী ১ম থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ৬টি গ্রুপে ৪২টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ গ্রহণ নেয়।
কমেন্ট বক্স