জেলা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ৭ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ
- আপলোড তারিখঃ
২৭-০১-২০১৮
ইং
চুয়াডাঙ্গার শীতার্ত দুস্থ মহিলাদের মাঝে কম্বল বিতরণকালে সংরক্ষিত নারী সাংসদ পূনম
আমি আজীবন আপনাদের সেবা করে যেতে চাই
নিজস্ব প্রতিবেদক: আমি আপনাদেরই সন্তান; আপনাদের কোলে পিঠে মানুষ হয়েছি। সকলের দোয়ায় মহান জাতীয় সংসদে স্থান পেয়েছি। আমার অবস্থান থেকে যেটুকু করা সম্ভব আমি তাই করার চেষ্টা করে যাচ্ছি। আমি আজীবন আপনাদের সেবা করে যেতে চাই। ‘মানুষ মানুষের জন্য’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গার শীতার্ত দুস্থ শীতার্ত মহিলাদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য চুয়াডাঙ্গার কৃতি সন্তান শিরিন নাঈম পূনম। গতকাল শুক্রবার সন্ধ্যায় ৬টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে এ আয়োজন করা হয়। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. কহিনুর বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দা, জেলা পরিষদ সদস্য নুরুন্নাহার কাকলী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা জামান পলি, জেলা মহিলা লীগ নেত্রী শম্পা ফেরদৌসী, সাথী জোয়ার্দ্দার, সদর উপজেলা মহিলা লীগ সভানেত্রী শেফালী খাতুন প্রমূখ। নারী সাংসদ শিরিন নাঈম পূনমের উদ্যোগে এ সময় ৫ শতাধিক উন্নত মানের কম্বল অস্বচ্ছল, হতদরিদ্র, দুস্থ, অসহায় ও শীতার্ত মহিলাদের হাতে তুলে দেয়া হয়।
এদিকে ‘মানবতার সেবায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’ এ স্লোগানে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সাত শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টায় রেডক্রিসেন্ট ইউনিট কার্যালয় প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রেডক্রিসেন্ট ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ সামসুল আবেদীন খোকন।
এসময় রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী ফজলুর রহমান, গ্রামীণ ফোন সিনিয়র টেরিটরি ম্যানেজার আবু সাদাত মো. শোয়েব, রেডক্রিসেন্ট ইউনিট লেভেল অফিসার সাঈদ মো: শামীম রহমান , কার্যকরি সদস্য শহিদুল ইসলাম শাহান, অ্যাড. রফিকুল ইসলাম ও আজীবন সদস্য খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান আলহাজ্ব শেখ সামসুল আবেদীন খোকন বলেন‘ সদর উপজেলায় সকল আজীবন সদস্যদের মনোনিত অসহায় শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করা হচ্ছে। যেসকল ব্যক্তি নির্ধারিত কার্ড পেয়েছেন তারা সকলেই শীতবস্ত্র পাবেন। অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে গ্রামীণ ফোন এগিয়ে এসেছে এজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে গ্রামীণ ফোনকে রেডক্রিসেন্ট সোসাইটির পাশে পাবো এ আশাও করছি। শীতবস্ত্র বিতরণে রেডক্রিসেন্ট সবসময়ই অসহায় শীতার্ত মানুষের পাশে থাকবে।’
কমেন্ট বক্স