চুয়াডাঙ্গা জাফরপুরে মাদক বিরোধী সমাবেশ
- আপলোড তারিখঃ
২৭-০১-২০১৮
ইং
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের জাফরপুর গ্রামের যুব ও তরুণ সংঘের উদ্যোগে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রাম্য মাতব্বর বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুন অর রশিদ (আঙ্গুর)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামাল মালিথা, ইউনুস মন্ডল, মতিয়ার রহমান টোটন, বকুল মিয়া, লিটন খন্দকার প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে এলাকার একটি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলে, দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে এই এলাকার মৃত মজিদ খলিফার ছেলে খলিল খলিফা, তার স্ত্রী সেলিনা খাতুন ও তার ছেলে মজনু খলিফাসহ তাদের সহায়ক একই গ্রামের শহীদ খলিফার ছেলে সুজন খলিফা বীরদর্পে গাঁজা ও ইয়াবাসহ নানা ধরণের মাদক বিক্রির কাজ করে আসছে। বর্তমানে এর ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পেতে থাকায় জাফরপুর গ্রামের যুব সমাজ ধ্বংসের দিকে যেতে বসেছে। অনেকবার পুলিশ তাদেরকে গ্রেফতার করার পরও তারা স্বল্প সময়ের মধ্যে মুক্তি পেয়ে আবারো এলাকায় ফিরে আইন-কানুনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। গত ২৪ জানুয়ারি জাফরপুর যুব সমাজের কিছু সদস্য তাদের মাদক বিক্রির কাজে বাঁধা দিতে গেলে তিন যুবককে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালিয়ে আহত করে। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযোগ করা হলে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজা ও দেশীয় অস্ত্রসহ খলিল খলিফাকে আটক করে। খলিল আটক হওয়ায় তার ছেলে মনজু খলিফা ক্ষিপ্ত হয়ে বাঁধাদানকারীদের উদ্দেশ্যে হুমকি ধামকি দিতে থাকে। এ নিয়ে গ্রামের সচেতন মহল বেশ চিন্তিত। পরবর্তী প্রজন্মকে সুস্থ ধারায় বেড়ে ওঠার জন্য সুন্দর সমাজ বিনির্মাণে অচিরেই এ ধরণের কর্মকান্ড বন্ধে উর্দ্ধতন মহলের দৃষ্টি কামনা করেছেন জাফরপুর গ্রামের সচেতন মহল।
শাওন রেজার সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন যুব ও তরুণ সংঘের সভাপতি হারুন অর রশিদ জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক খোকন মন্ডলসহ নানা শ্রেণী পেশার মানুষ।
কমেন্ট বক্স