এসএসসি পরীক্ষা : আজ থেকে বন্ধ দেশের সব কোচিং সেন্টার
- আপলোড তারিখঃ
২৬-০১-২০১৮
ইং
ডেস্ক রিপোর্ট: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার (২৬ জানুয়ারি) থেকেই সকল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) শিক্ষামন্ত্রণালয়ে আয়োজিত এক সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমন কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যদিও এসএসসি পরীক্ষা শুরুর তিন দিন আগে সকল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল কিন্তু বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে সাত দিন আগে থেকেই সকল কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ারও পরামর্শ দেন তিনি। মন্ত্রী বলেন, কোথাও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া গেলে সকল পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের নিজ আসনে বসতে হবে। এরপর আর কোনোভাবেই কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন বলেন, পরীক্ষা শেষের পরেও যদি প্রমাণিত হয় প্রশ্নপত্র ফাঁস হয়েছে তবে সে পরীক্ষা বাতিল করা হবে। প্রশ্নপত্র ফাঁস রোধ করে সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করাটাই এখন বড় লক্ষ্যমাত্রা। সভায় উপস্থিত ছিলেন- কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসনে, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহানারা বানু, সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা প্রমুখ।
কমেন্ট বক্স