চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে সরস্বতী পূজা উদ্যাপিত
ডেস্ক রিপোর্ট: বিদ্যাদেবীর কৃপালাভের আশায় বাণী-অর্চনার মধ্যদিয়ে মাঘের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে গতকাল সোমবার উদযাপিত হলো বিদ্যা ও ললিতকলার দেবী সরস্বতী পূজা। সনাতনধর্মীরা ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞান-দায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষ-দায়িনী এবং শক্তির আধার বিশ্বাসে সরস্বতী দেবীর আরাধনা করেছেন। ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খধ্বনি আর মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে ওঠে জীবননগর ও মেহেরপুরসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পূজা ম-প ও গৃহ-আঙ্গিনা।

জীবননগর অফিস জানিয়েছে, হিন্দু সম্প্রাদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। গতকাল সোমবার জীবননগর উপজেলায় ২টি মন্দিরে ব্যাপক উৎসব উদ্দিপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে সরস্বতী পূজা। এদিন পঞ্চমী তিথিতে অগনিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী চরণে পুস্পার্ঘ্য অর্পণ করেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রনতি জানান। ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পার, চন্দন দিয়ে স্নান করানো হয়। সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও পূজামন্ডপগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আরতিসহ নানা আয়োজন করা হয়। পূজার পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। এদিকে সনাতন ধর্মাবল্বীদের অন্যতম সরস্বতী পূজা উপলক্ষে সোমবার জীবননগর উপজেলার ২টি মন্দিরে পূজা মন্ডপে যেয়ে সার্বিক খোজখবর নেন জীবননগর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে এদিন বিদ্যা দেবীর কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য হিন্দু ধর্মালম্বীরা সরস্বতী পূজা পালন করেছে। মেহেরপুর সরকারী কলেজ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, নায়েব বাড়ি মন্দিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হয়। সরস্বতী পূজা চলাকালীন সময় অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয় এবং হিন্দু ধর্মের শিক্ষার্থীরা বিদ্যা দেবীর কাছে বিদ্যা কামনা করে প্রার্থনা করে।