এবার হজে যেতে পারছেন না লক্ষাধিক মুসল্লি
- আপলোড তারিখঃ
২২-০১-২০১৮
ইং
সমীকরণ ডেস্ক: এবার হজে যেতে ইচ্ছুক এমন প্রাক-নিবন্ধন করেছেন দুই লাখ ২৯ হাজার ৭৬৩ জন। আর সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। অর্থাৎ মোট ১ লাখ দুই হাজার ৫৬৫ মুসল্লি হজে এবার যেতে পারবেন না। গতকাল রোববার সচিবালয়ে হজ-সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম সচিব আনিসুর রহমান। ১৪ জানুয়ারি সৌদি আরবের মক্কায় এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রাক-নিবন্ধনকারীদের মধ্যে কারা হজে যেতে পারবেন- জানতে চাইলে ধর্ম সচিব বলেন, ‘হজের প্যাকেজ ঘোষণার পর যারা প্রথম নিবন্ধন করবেন, তারাই হজে যাবেন। এখানে আগে এলে আগে পাবেন ভিত্তিতে নিবন্ধন সম্পন্ন করা হবে। বাকিরা অপেক্ষমাণ থাকবেন। হজ এজেন্সিগুলোও এই নিবন্ধন করবে। সেখান থেকে কেউ যদি না যায়, তাহলে অগ্রাধিকার ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা থেকে হজে যাওয়ার জন্য যাত্রী পাঠানো হবে’। তবে হজযাত্রী বাড়ানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান ধর্ম সচিব। হজের প্যাকেজ কবে নাগাদ ঘোষণা হতে পারে-এমন প্রশ্নের জবাবে আনিসুর রহমান বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই হজ প্যাকেজ ঘোষণার চেষ্টা করা হচ্ছে। যদি কোনো কারণে না হয়, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে অবশ্যই তা করা হবে। এবার ভারত থেকে প্রচুর হজযাত্রী জাহাজে করে হজে যাচ্ছেন। এতে তাদের খরচ তুলনামূলকভাবে অনেক কম হবে। বাংলাদেশও সেই বিষয়টি নিয়ে চিন্তা করছে কি না? এ ব্যাপারে ধর্ম সচিব বলেন, সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সময় জাহাজে যাত্রী পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু সৌদি কর্তৃপক্ষ এ ব্যাপারে বাংলাদেশকে অনুমতি দেয়নি।
কমেন্ট বক্স