শিশু ইসমত আরার লাশের ময়নাতদন্ত শেষে দাফন
- আপলোড তারিখঃ
১৬-০১-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভান্ডারদহের শিশু ইসমত আরার ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে পুলিশ ময়নাতদন্ত শেষে ইসমত আরার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। গতকাল আছরের নামাযের পর জানাযা শেষে ভান্ডারদহ গ্রামের স্থানীয় কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। তবে সন্দেহজনক মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কোন হত্যা মামলা হয়নি। পুলিশ সুত্রে জানা গেছে, এঘটনার দিন একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। তখনই মামলা হবে। তবে ইসমত আরার নানা বাবলু বলেন, আমি সন্দেহমূলক হত্যা মামালার প্রস্তুতি নিচ্ছিলাম। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা মামলা না করার জন্য জানায় পুলিশ।
উল্লেখ্যে, চুয়াডাঙ্গার ভান্ডারদহ গ্রামের হঠাতপাড়ার ইসরাফিল হোসেনের মেয়ে ইসমত আরাকে বাড়ির পাশের একটি পরিত্যাক্ত চাতালের ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে। পরে তাকে মুমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্য দ্রুত সরোজগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গ্রামে গিয়ে লাশ উদ্ধার করে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই সুমন সরকার জানান, পরিবারের লোকজনের দাবি সে আত্মহত্যা করেছে। সুরতহাল রিপোর্টে গলার কাছে আঘাতের চিহ্নের কথা বলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গত রোববার একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কমেন্ট বক্স