অসচ্ছল প্রবীণদের মাঝে বয়স্ক ভাতা প্রদান
- আপলোড তারিখঃ
১৫-০১-২০১৮
ইং
দর্শনায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে
ওয়াসিম রয়েল: দর্শনায় পৌর প্রবীণ কমিটির উদ্যোগে অসচ্ছল প্রবীনদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয়েছে। গতকাল সাড়ে ৩টায় দর্শনা পুরাতন বাজার সোসাইটি চত্তরে ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি অনুযায়ী অসচ্ছল প্রবীণদের মাঝে বয়স্ক ভাতা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দর্শনা পৌর প্রবীণ কমিটির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি বক্তব্যে বলেন, মানুষ যখন বার্ধক্যে গমন করে তখন তার কিছুই করার থাকে না। বেশির ভাগ অসচ্ছল পরিবারের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওই পরিবারের প্রবীণ পিতামাতার কোন কিছুর দরকার হলে তাদের সন্তানদের মুখের দিকে তাকিয়ে থাকতে হয়। এটা একটা বড় কষ্ট। এ কষ্ট অনুভব করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিভিন্ন প্রকার ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন। এছাড়া দর্শনা প্রবীণ কমিটির সকল কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশ্বাস দেন এমপি টগর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আ. লীগের সভাপতি শহীদুল ইসলাম, পৌর প্রবীণ কমিটির সা. সম্পাদক হাজী আকমত আলী, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিছুর রহমান। আলোচনা শেষে দর্শনা পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫০জন অসচ্ছল প্রবীণদের ভাতা প্রদান করা হয়। এসময় পৌরসভার ৯টি ওয়ার্ডের পৌর প্রবীণ কমিটির সভাপতি ও সা. সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্ময়কারী কামরুজ্জামান যুদ্ধ।
কমেন্ট বক্স