৯১টি স্টলে সরকারের প্রায় সবকটি সেবা একসাথে : থাকছে সাংস্কৃতিক আয়োজনও
- আপলোড তারিখঃ
১১-০১-২০১৮
ইং
বর্ণাঢ্য আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে চুয়াডাঙ্গা জেলা উন্নয়ন মেলা
এসএম শাফায়েত: ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরার লক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন তিন দিনব্যাপি উন্নয়ন মেলা ও সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। মেলা উপলক্ষ্যে শহরের একাধিক স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে। এতে বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজ, সাফল্য ও অর্জন তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে টাউন ফুটবল মাঠে শুরু হচ্ছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ও সাংস্কৃতিক সপ্তাহ-২০১৮। মেলার সকল প্রস্তুতিই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মেলার সাথে সাথে মৌলিক আয়োজনে জাকজমক সাংস্কৃতিক আয়োজনের কথা মাথায় রেখে ১২৬০ বর্গ ফুটের বিশাল মঞ্চ তৈরীর কাজ গতকাল রাতেই শেষ হয়েছে। শেষ পর্যায়ের প্রস্তুতি পরিদর্শনে যান জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) জসীম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, নেজারত ডেপুটি কালেক্টর সুচিত্র রঞ্জন দাস, সহকারী কমিশনার ফখরুল ইসলাম। এ ছাড়াও চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদিন খোকন, জেলা পরিষদ সচিব নূর জাহান খানম, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক ব্যাক্তিত্বরা মেলার মাঠ পরিদর্শন করেন। এ বছর মেলায় ৯১টি স্টল নির্মাণ করা হয়েছে। যেখানে জেলা পর্যায়ের সরকারি সকল দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, আইটি গবেষণা ও পরামর্শ কেন্দ্র, ইলেকট্রনিক্স পণ্য প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র থাকছে। মেলার সব চাইতে বড় দুটি স্টলের একটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও আরেকটি জেলা পরিষদের। এ ছাড়াও শীতের পিঠা স্টল উল্লেখযোগ্য। মেলায় প্রবেশের জন্য পূর্ব, পশ্চিম ও উত্তর দিকে তিনটি বিশালাকার গেট নির্মাণ করা হয়েছে। মেলায় আগত শিশুদের জন্য পূর্ব দিকে বিশেষ খেলাধূলার আয়োজনও রয়েছে। পূর্ব দিকের এই প্রবেশদ্বারে ১০০ ফিট উচ্চতার বিশাল টাওয়ার তৈরী করা হয়েছে। টাওয়ারটি রঙিন আলো ঝলমলে হওয়ায় দর্শকদের আকর্ষণ অনেকাংশে বাড়িয়ে তুলছে। সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত মেলার স্টলগুলো থেকে সকল প্রকার সেবা পাওয়া যাবে। সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসব দৈনিক সন্ধ্যা ৬টা হতে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হবে। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলার আয়োজন স্থলে (টাউন ফুটবল মাঠ) গিয়ে শেষ হবে। পরে সেখানে লাল ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অতিথিরা। পরে মেলা মঞ্চে এমডিজি অর্জন এবং এসডিজি প্রস্তুতি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেনর চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি থাকবেন কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান-পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। মেলা আয়োজন প্রসঙ্গে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ সময়ের সমীকরণকে বলেন, ‘২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ড, প্রধানমন্ত্রীর সকল সাফল্য ও অর্জন এক নজরে মেলার মাধ্যমে তুল ধরার লক্ষ্যে জেলা উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেছে। উন্নয়ন মেলা ঘুরে সবাই সরকারের সকল উল্লেখযোগ্য সকল উন্নয়নমূলক সেসব কর্মকান্ডের চিত্র দেখতে পারবেন। এছাড়া মেলায় শিক্ষা-সংস্কৃতি ও পিঠার স্টল থাকবে। আলোচনা সভা হবে ও সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে রাত ৯টা পর্যন্ত।’ উন্নয়ন মেলা ঘুরে দেখার জন্য ও স্টলে প্রদানকৃত সেবা গ্রহণের জন্য সকলকে আহ্বান জানান তিনি।
কমেন্ট বক্স