আসামিদের গ্রেপ্তার দাবিতে চিকিৎসক-কর্মকর্তাদের যৌথ কর্মসূচী ঘোষণা
- আপলোড তারিখঃ
০৮-০১-২০১৮
ইং
মেহেরপুরে হাসপাতালের তত্বাবধায়ককে লাঞ্ছিত ও দাপ্তরিক কাগজপত্র লুট মামলা
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমানকে লাঞ্ছিত ও দাপ্তরিক কাগজপত্র লুট করার অভিযোগ দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে যৌথ কর্মসূচী ঘোষণা করেছে চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা। গতকাল রবিবার দুপুরে এক জরুরী বৈঠক ডেকে মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএমএ, স্বাচিপ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী যৌথ কর্মসূচী ঘোষনা করেছেন। এসময় ৮ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত কালো ব্যাজ ধারণ এবং ১২ জানুয়ারি মানববন্ধন কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়। মেহেরপুরে জেনারেল হাসপাতাল মিলনায়তনে জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকি, স্বাচিপ সভাপতি এম এ বাশার, সাধারণ সম্পাদক তাপস কুমার সরকার, সদস্য মৃণাল কান্তি মন্ডল, এহসানুল কবির, ওবাইদল ইসলাম পলাশ প্রমুখ। শনিবার বিকালে মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বাদি হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলায় দায়ের করেন।
মামলার এজাহারে বাদির অভিযোগ, গত বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন মৃদুল, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, আওয়ামী লীগ কর্মী দেবাশীষ কুমার বাগচি ও ইলিয়াস হোসেন তত্বাবধায়কের কার্যালয়ে প্রবেশ করে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং ২০১৭- ২০১৮ অর্থ বছরের খাবার ও কাপড় ধোয়ার দরপত্রের কাগজসহ বিভিন্ন দাপ্তরিক কাগজপত্র লুট করে নিয়ে যায়।
কমেন্ট বক্স