চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে গতকাল অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীসহ সামাজিক নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। সাংবাদিকদের এ দুটি সংগঠনের একটি পদ ছাড়া বাকি পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার পর থেকেই নবনির্বাচিতদের অভিনন্দন জানানোর ধুম পড়ে।

দামুড়হুদা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সাধারণ সদস্যরা গতকাল সন্ধ্যায় সরদার আল আমিনের কার্যালয়ে ফুলেল অভিনন্দন জানান। দামুড়হুদা প্রেসক্লাবের তরফে ক্লাবটির কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনিকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সহ সভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল কবির দিনার, সদস্য শরীফ উদ্দীন, আতিয়ার রহমান, শরীফুল ইসলাম, আলীম হোসেন, আব্দুল লতিফ পমুখ। এ সময় নব নির্বাচিত নেতবৃন্দ দামুড়হুদা প্রেসক্লাবের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে নব নির্বাচিত কমিটির মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। এসময় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান ও আলমডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামসিদুল হক মুনিসহ বিভিন্ন ব্যক্তি নবনির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সরদার আল আমিন- রাজীব হাসান কচি পরিষদের সভাপতিপদসহ ১২টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রাজীব হাসান কচি ও এমএ মামুন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ ডিসেম্বর চুয়াডাঙ্গা প্রেসক্লাবে সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাড. সোহরাব হোসেন। এ কমিটি গতপরশু শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী দু প্রার্থীর চূড়ান্ত নামের তালিকা প্রকাশ করেন। এরপর থেকেই নির্বাচিতদের দলমত নির্বিশেষে অভিনন্দন জানান।