চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সমীকরণ ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সকল নেতাকর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের কাসারিপাড়া মোড় প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। সাবেক এমপি ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে মিছিলে অন্যদের মধ্যে বিএনপির জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এর আগে এক সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন।

এদিকে, একই দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকালে চুয়াডাঙ্গা কেদারগঞ্জস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. এমএম শাহাজাহান মুকুলের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা বিএনপি নেতা আরশেদ আলীকালু, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মানি খন্দকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলা বিএনপির একাংশের প্রতিনিধি সভা গতকাল সোমবার বিকালে পুলিশি বাঁধার মুখে পন্ড হয়ে গেছে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবী পুলিশ তাদের পুর্ব নির্ধারিত শান্তিপূর্ণ কর্মসুচীতে বাঁধা দিয়েছে। জীবননগর থানা বিএনপির একাংশের সভাপতি সাবেক পৌর মেয়র হাজী নোয়াব আলীর সভাপতিত্বে গতকাল বিকালে হাসপাতাল সড়কে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক প্রতিনিধি সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মকলেচুর রহমান তরফদার টিপু। যথারীতি সম্মেলন শুরুর একপর্যায়ে সেখানে গিয়ে উপস্থিত হয় জীবননগর থানা পুলিশ। পুলিশ সেখানে প্রতিনিধি সম্মেলন করতে বাঁধা দেয়। পরে পুলিশি বাঁধায় অনুষ্ঠান প- হয়ে যায়। জীবননগর থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, বিএনপি কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচী অনুযায়ী গতকাল সারাদেশে বিক্ষোভ কর্মসুচী পালনের দিন ছিল। তারা প্রতিনিধি সভার নামে মুলত বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের সে ব্যাপারে কোন অনুমতি না থাকায় তা পন্ড করা হয়েছে।