মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিরনিদ্রায় শায়িত মহিউদ্দিন চৌধুরী

  • আপলোড তারিখঃ ১৬-১২-২০১৭ ইং
চিরনিদ্রায় শায়িত মহিউদ্দিন চৌধুরী
সমীকরণ ডেস্ক: লালদীঘি ময়দানে গতকাল শুক্রবার বিকেলে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জানাজায় লাখো মানুষের ঢল নামে। এ সময় আশপাশের সড়ক বিশেষ করে আন্দরকিল্লাহ থেকে জেল সড়ক, কেসি দে সড়ক, কোতোয়ালি মোড় পর্যন্ত ছিল মানুষ আর মানুষ। জানাজা শেষে চশমাহিলের পারিবারিক কবরস্থানে মহিউদ্দিন চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জাতি-ধর্ম-দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ মহিউদ্দিন চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে লালাদীঘি ময়দানে হাজির হন। ওই ময়দানসহ আশপাশের সড়কে ছিল মানুষ আর মানুষ। বিকেল ৩টা ৪০ মিনিটে মরদেহবাহী গাড়িটি লালদীঘি ময়দানে পৌঁছায়। এর আগে বিকেল তিনটায় দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে গাড়িটি কিছুক্ষণ দাঁড় করানো হয়। জানাজাস্থলে লাল-সবুজ পতাকায় মোড়ানো মহিউদ্দিন চৌধুরীর মরদেহ গাড়ি থেকে নামানোর পর একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এরপর বিকেল সোয়া ৪টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাংসদ হাছান মাহমুদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ, সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ অংশ নেন। উল্লেখ্য, মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি টানা তিনবার মেয়র নির্বাচিত হয়েছিলেন।


কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড