দামুড়হুদায় সরকারী কাজে বাধা প্রদান : ভ্রাম্যমান আদালতে ৫ জনের কারাদন্ড
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে সরকারী কাজে বাধাদানের অভিযোগে ৫ জনকে ভ্রাম্যমান আদালত ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান মঙ্গলবার সন্ধ্যায় এ রায় প্রদান করেন। দন্ডিত আসামীরা হলো, মাবুদ আলী (২১), আতিয়ার রহমান (৩৮), পারভেজ (২০), মাহাতাব উদ্দিন (৪২) ও ইউসুফ আলী (৭২)।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় ভ্রাম্যমান আদালত ও পুলিশ একটি বিয়ে বাড়িতে যৌথ অভিযান চালায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামে। সন্ধা সাড়ে ৭ টার দিকে ওই গ্রামের বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত সরকারী কাজে বাধাদানের অভিযোগে দন্ডিত আসামীদের গ্রেফতার করার নির্দেশ দেন। আদালতের নির্দেশ পেয়ে পুলিশ আসামী ৫ জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারের পর ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান মোক্তারপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মাবুদ আলী, শামসুদ্দিনের ছেলে আতিয়ার রহমান, হোগলডাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে পারভেজ, বোয়ালমারী গ্রামের মৃত. আজিজুর হকের ছেলে মাহাতাব উদ্দিন ও বুইচিতলা গ্রামের মৃত. আব্দুল লতিবের ছেলে ইউসুফ আলীকে সরকারী কাজে বাধাদানের অভিযোগে অভিযুক্ত করে প্রত্যেকের ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন। মঙ্গলবার রাতে দন্ডিত আসামীরা দামুড়হুদা মডেল থানা হাজতে আটক ছিল। বুধবার এদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি আকরাম হোসেন।
কমেন্ট বক্স