বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে প্রচারণামূলক কর্মশালা

২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ
  • আপলোড তারিখঃ ১২-১১-২০২৬ ইং
দর্শনায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে প্রচারণামূলক কর্মশালা

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ কর্মসূচিতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ব্যাংকঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ব্যবসার প্রকৃত চাহিদা, ব্যয় পরিকল্পনা ও চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে অর্থায়নের পরিমাণ নির্ধারণ করা হবে।


এ কর্মসূচি সম্পর্কে তরুণদের অবহিত করতে গতকাল বুধবার বেলা সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের কেরু ট্রেনিং কমপ্লেক্সে প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দামুড়হুদা উপজেলার তফসিলি ব্যাংকগুলোর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


যমুনা ব্যাংক পিএলসি দর্শনা শাখার ব্যবস্থাপক আরিফ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপ-পরিচালক আসলাম হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান।


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, বর্তমান সরকার তরুণদের জন্য চমৎকার একটি সুযোগ তৈরি করেছে। এ সুযোগ কাজে লাগিয়ে তরুণদের স্বাবলম্বী হতে হবে। তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরে তিনি কর্মসূচির সুযোগ গ্রহণের আহ্বান জানান।


বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উপপরিচালক আসলাম হোসেন কর্মসূচির উদ্দেশ্য, উদ্যোক্তা নির্বাচন, অর্থায়নের কাঠামো ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি যোগ্য উদ্যোক্তাদের ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী অর্থায়নের সুযোগ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেন।


উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান তাঁর বক্তব্যে তরুণদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান।


কর্মসূচির আওতায় আবেদনকারীর বয়স আবেদনের শেষ তারিখে সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। তাঁকে সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি নিজস্ব ব্যবসায়িক উদ্যোগ, ব্যবসায়িক ধারণা অথবা নতুন ব্যবসা প্রতিষ্ঠার বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে। আগে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ব্যক্তি, ঋণখেলাপি এবং সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা এ অর্থায়নের জন্য যোগ্য বিবেচিত হবেন না।


বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ে দেশের অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী তরুণেরা নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন। আবেদনকারীর সংশ্লিষ্ট ব্যাংকে আগে থেকে হিসাব থাকা বাধ্যতামূলক নয়। আবেদন জমা দিতে কোনো ফিও দিতে হবে না।



কমেন্ট বক্স
notebook

দর্শনায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে প্রচারণামূলক কর্মশালা