বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নগরবোয়ালিয়ায় বেহাল সড়কে চরম দুর্ভোগ

নদীভাঙনের আতঙ্কে শত পরিবার
  • আপলোড তারিখঃ ১২-১১-২০২৬ ইং
নগরবোয়ালিয়ায় বেহাল সড়কে চরম দুর্ভোগ

আলমডাঙ্গা উপজেলার ১ নম্বর ভাংবাড়ীয়া ইউনিয়নের নগরবোয়ালিয়া গ্রামের কারিগর পাড়ার মানুষের দুর্ভোগ যেন দীর্ঘদিনের সঙ্গী। প্রায় ১৫ বছর ধরে এলাকার গুরুত্বপূর্ণ একটি সড়কে উন্নয়ন কিংবা সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি। ফলে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এর মধ্যে মাথাভাঙ্গা নদীর ভাঙন নতুন করে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে। নদীতীরবর্তী কয়েকটি পরিবারের বসতবাড়ি রয়েছে ভাঙনের ঝুঁকিতে।


স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মাথাভাঙ্গা নদীতে গোসল ও যাতায়াতের জন্য কারিগর পাড়ার মানুষের এটিই একমাত্র সড়ক। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি বর্তমানে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই চলাচলে সৃষ্টি হয় নানা প্রতিবন্ধকতা। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষকে প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


অন্যদিকে, সড়কের বেহাল দশার চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে মাথাভাঙ্গা নদীর ভাঙন। বৃষ্টির পানির চাপ ও নদীর স্রোতে নদীতীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙনের ঝুঁকি। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে কারিগর পাড়ার কয়েকটি পরিবারের বসতবাড়ি ও জমিজমা নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এতে পরিবারগুলো হারাতে পারে তাদের শেষ আশ্রয়স্থল। নদীভাঙনের আতঙ্কে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে এসব পরিবারের।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় দেড় দশক ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটির কোনো দৃশ্যমান উন্নয়ন বা সংস্কার না হওয়ায় তাদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। একদিকে চলাচলের অনুপযোগী সড়ক, অন্যদিকে নদীভাঙনের আশঙ্কা- সব মিলিয়ে চরম দুর্ভোগ ও উৎকণ্ঠায় রয়েছেন তারা।


এ অবস্থায় দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগ থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা জনবান্ধব সরকারের দায়িত্বশীল মহল এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফের দৃষ্টি আকর্ষণ করেছেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সরেজমিনে কারিগর পাড়া পরিদর্শন করে সড়কটি সংস্কারের পাশাপাশি মাথাভাঙ্গা নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। সময়মতো উদ্যোগ নেওয়া না হলে কয়েকটি পরিবারকে বসতভিটা হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে।



কমেন্ট বক্স
notebook

আনসারবাড়ীয়া রেলস্টেশন পরিদর্শনে রেল কর্মকর্তা