দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মাঠে কালবৈশাখী ঝড় ও আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে ধানের। ঝড়ের আঘাতে বিস্তীর্ণ এলাকার পাকা ও আধাপাকা ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় প্রান্তিক ও লিজ নেওয়া কৃষকেরা।
গত মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ দমকা হাওয়া ও শিলাবৃষ্টিতে এ ক্ষয়-ক্ষতি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়ের কারণে মাঠের অধিকাংশ জমির ধান হেলে পড়ে পানিতে ও কাদার সংস্পর্শে চলে গেছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে রয়েছেন আরামডাঙ্গা গ্রামের আনোয়ার মিয়া। তিনি বিভিন্ন এনজিও ও স্থানীয় মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ১০ কাঠা জমি লিজ (বন্ধক) নিয়েছিলেন। ওই জমিতে অত্যন্ত যত্নসহকারে বোরো ধান চাষ করেছিলেন তিনি। কিন্তু গত রাতের ঝড়ে তাঁর লিজ নেওয়া জমির সব ধান মাটিতে লুটিয়ে পড়েছে। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে কৃষক আনোয়ার মিয়া বলেন, ‘ঋণ করে জমি লিজ নিয়ে এই ধান চাষ করেছিলাম। ফসল ঘরে তোলার স্বপ্ন ছিল, কিন্তু রাতের কালবৈশাখী ঝড় আমার সব শেষ করে দিল। এখন এই ঋণ কীভাবে শোধ করব এবং পরিবারের খোরাকি কীভাবে জোগাব, তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।’
শুধু আনোয়ার মিয়া নন, পীরপুরকুল্লা গ্রামের মাঠের আরও অনেক কৃষকের একই অবস্থা। আকস্মিক এ প্রাকৃতিক বিপর্যয়ের পর ক্ষতিগ্রস্ত কৃষকেরা দ্রুত মাঠ পরিদর্শন করে সরকারি উদ্যোগে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং তাঁদের মধ্যে জরুরি প্রণোদনা বা বিশেষ সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন।
কৃষকেরা বলছেন, মাঠের করুণ পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ পরিশোধের সময় বাড়ানো এবং পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। তা না হলে তাঁদের পক্ষে পরিবার-পরিজন নিয়ে চলা কঠিন হয়ে পড়বে।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা