মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় তিন প্রতিষ্ঠানে ৫১ হাজার জরিমানা

দুই ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
  • আপলোড তারিখঃ ১০-১১-২০২৬ ইং
দামুড়হুদায় তিন প্রতিষ্ঠানে ৫১ হাজার জরিমানা

প্রতিবেদক, দামুড়হুদা/কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই ভুয়া চিকিৎসককে কারাদণ্ড এবং তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দিনভর উপজেলার জুড়ানপুর ও কার্পাসডাঙ্গা বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়।


উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে জুড়ানপুর বাজারের দুই ভুয়া চিকিৎসককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১০-এর ২৮ ও ২৯ ধারায় দর্শনার বিনোদ বিহারীর ছেলে ইউসানুল হক সজলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জুড়ানপুর গ্রামের আজিজুল হকের ছেলে মুফতি মোহাম্মদ আব্দুল মমিনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


এছাড়া কার্পাসডাঙ্গা বাজারে দুটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে লাইফ কেয়ার জেনারেল হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় ২০ হাজার এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০০৮-এর ১৪ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।


অপরদিকে, নিউ সান ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ১৩২ ধারায় পাঁচ হাজার এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন জুড়ানপুরের মোল্লা মেডিসিন কর্নারের কর্মচারী শামীমকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন। তাঁকে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। এসময় দামুড়হুদা মডেল থানার ওসি রাসেল মিয়া, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান এবং বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন রাসেল উপস্থিত ছিলেন। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে লাইসেন্স ছাড়া পশুখাদ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা