প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথে আমরা থাকব। রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে। বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার।’ গতকাল সোমবার বিকালে সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তিনি একথা বলেন।
বিকাল সাড়ে ৩টার কিছু সময় পরে শুরু হওয়া সংসদ অধিবেশনের আগে অনুষ্ঠিত এই সংসদীয় দলের সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সভায় উপস্থিত থাকা বিএনপির একাধিক সংসদ সদস্য ইত্তেফাককে জানান, সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘দেশে ফেরার’ প্রসঙ্গ উঠলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান- বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। তবে, প্রধানমন্ত্রী এ বিষয়ে কোনো বক্তব্য দেননি, মন্তব্যও করেননি।
বিভিন্ন বিষয়ে সামগ্রিক আলোচনার পরিপ্রেক্ষিতে খুব সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে বলেছেন, ‘বিপ্লব ও সংহতি দিবসে আমরা ৭ নভেম্বর রাজপথে ছিলাম। সামনের দিনগুলোতেও আমরা রাজপথেই থাকব। রাজপথ থেকে আমাদের কেউ সরাতে পারবে না। আপনারাও রাজপথে থাকবেন, যে কোনো ধরনের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকবেন।’
বিএনপি দলীয় একজন সংসদ সদস্য জানান, সভায় স্থানীয় সরকার ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন চলমান সড়ক উন্নয়নকাজ, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি এবং রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি বিশেষায়িত হাসপাতাল হবে:
এদিকে, গতকাল সংসদে অনির্ধারিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, শ্রমিকদের জন্য ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। ঢাকার আশুলিয়া ও সাভার, গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে শিল্পাঞ্চলে এসব হাসপাতাল নির্মিত হবে। ১০০ শয্যার হাসপাতালগুলোতে শুধুমাত্র শ্রমিকরা সেবা পাবেন।
অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির পর নবনির্বাচিত দুই জন সংসদ সদস্য বক্তৃতা করেন। এই পর্যায়ে দাঁড়ান বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান বিশ^াস শিমুল। তিনি বলেন, প্রান্তিক শ্রমিকরা স্বাস্থ্যসেবা বঞ্চিত। তাদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে কি না। প্রধানমন্ত্রীর কাছে তা জানতে চান শামসুর রহমান বিশ^াস। এ সময় সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর হয় বুধবারে। সেদিন তিনি সংসদে থাকবেন না, বিদেশ সফর থাকায়। ডেপুটি এই পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, অনির্ধারিত এই প্রশ্নের জবাব দিতে তিনি প্রস্তুত কি না।
তখন সংসদ নেতা তারেক তখন দাঁড়িয়ে বলেন, ‘স্বৈরাচারের সেই দুঃশাসনের আমলে দেখেছি, কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদ দেশের মানুষের স্বার্থে ব্যবহার না করে, সব কিছুকে আমদানি নির্ভর করে ফেলা হয়েছিল। আমরা দেখেছি, কীভাবে বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে, বাংলাদেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। কীভাবে এমন সব নীতি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের বিকাশ ঘটেনি স্বাভাবিকভাবে। ঠিক একইভাবে আমরা দেখেছিÑসেই স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল।’
গ্রামীণ চিকিৎসাব্যবস্থা অতীতে যতটুকু ছিল স্বৈরাচারের সময়ে তা ধ্বংস করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘কিছুদিন আগেই বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন। সেই স্বৈরাচারের সময়ে চিকিৎসাব্যবস্থাকে তারা পরিকল্পিতভাবে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষকে বাধ্য করেছিল, বিশেষ একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।’
শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত। প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার কাজ করছে। শ্রমিক, শ্রমজীবী মানুষের সুচিকিৎসায় সরকার ১০০ শয্যার করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। যেসব শিল্প এলাকা রয়েছে, যেমনÑটঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, চট্টগ্রামে একটি করে হাসপাতাল তৈরি করা হবে। যা শুধুমাত্র শ্রমিক ভাইদেরকে চিকিৎসা সেবা দেবে। এসব শ্রমিকদের জন্য নির্দিষ্ট এই হাসপাতালগুলো সেভাবেই নামকরণ এবং তৈরি করা হবে।
সমীকরণ প্রতিবেদন