ঝিনাইদহে নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগে দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার অরিত্র কুমার কুন্ডু এবং বাংলা-৭১ পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে কলেজ অধ্যক্ষ বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাংবাদিক অরিত্র কুমার কুন্ডু মহিলা কলেজে গিয়ে অধ্যক্ষের কাছে প্রাচীরের ইট বিক্রির বিষয়ে জানতে গিয়ে কলেজ অধ্যক্ষের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে অরিত্র টেবিল চাপড়ে অধ্যক্ষকে হুমকি দেন। এই খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন জড়ো হয়ে অরিত্র ও তার সহযোগী রুবেলকে গণপিটুনি দিতে শুরু করে। খবর পেয়ে দ্রুত ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বিকেলে কলেজ অধ্যক্ষ বিজন কুমার সরকার বাদী হয়ে ৪৭ নম্বর মামলা দায়ের করেন। মারধরের শিকার হওয়ার পর পুলিশ অরিত্রকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করায়।
এদিকে, মারধরের শিকার হওয়ার পর সাংবাদিক অরিত্র কুন্ডু দাবি করেন, কলেজের প্রাচীরের ইট বাইরে পাচার করা হচ্ছে- এমন সংবাদ পেয়ে তিনি অধ্যক্ষের কাছে বিষয়টি জানতে গিয়েছিলেন। এরপর তিনি কলেজ চত্বর থেকে শহরের একটি কুরিয়ার সার্ভিসে গেলে একটি নম্বর থেকে ফোন করে তাকে পুনরায় ডেকে আনা হয়। সেখানে পৌঁছামাত্রই একদল যুবক তাকে মারধর করে এবং পরে নির্মাণকাজে বাধা ও চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তোলে।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, সরকারি নুরুন্নহেরা মহিলা কলেজের অধ্যক্ষের দায়ের করা চাঁদাবাজির মামলায় অরিত্র ও রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহ অফিস