দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সৌদিয়ান রিসোর্টের ম্যানেজার জুনায়েদ আহম্মেদের পথরোধ করে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় তাঁর কাছ থেকে নগদ ৭৫ হাজার ২৩৫ টাকা এবং দুটি স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়। লুট হওয়া টাকা ও ফোনের মোট মূল্য ৩ লাখ ৬০ হাজার ২৩৫ টাকা বলে দাবি করেছেন তিনি। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দামুড়হুদা-দর্শনা সড়কে লোকনাথপুর ফায়ার সার্ভিস কার্যালয় থেকে প্রায় ২০০ গজ পেছনে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, জুনায়েদ আহম্মেদ দর্শনা দক্ষিণ চাঁদপুর মাঝপাড়ার তৈয়ব আলীর ছেলে এবং লোকনাথপুরের সৌদিয়ান রিসোর্টের ম্যানেজার। বুধবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে তিনি রিসোর্ট থেকে আর-১৫ মডেলের একটি মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে লোকনাথপুর মাঠ এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন তাঁর পথ আটকে দাঁড়ান। মোটরসাইকেল থামানোর পর তাঁরা জুনায়েদকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাঁকে চিৎকার না করে কাছে থাকা জিনিসপত্র বের করে দিতে বলে। একপর্যায়ে তাঁর কাছে থাকা নগদ টাকা ও দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। প্রায় ৫-৬ মিনিট ধরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ছিনিয়ে নেওয়া ফোন দুটির মধ্যে একটি আইফোন ১৬ প্রো ম্যাক্স, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। অন্যটি ভিভো ভি২৯ মডেলের স্মার্টফোন, যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জুনায়েদ আহম্মেদ বলেন, হামলাকারীরা তাঁকে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা ও ফোন ছিনিয়ে নেয়। তাঁদের অধিকাংশের মুখে মাস্ক ছিল। দুজনের মুখ খোলা ছিল এবং তাঁদের চাপ দাঁড়ি ছিল। হামলাকারীদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তাঁরা স্থানীয় ভাষায় কথা বলছিলেন বলেও জানান তিনি।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সন্ধ্যার সময় গুরুত্বপূর্ণ সড়কে এ ধরনের ঘটনা ঠেকাতে পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, লোকনাথপুর এলাকায় ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রতিবেদক দামুড়হুদা