জীবননগরে ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। জীবননগর উপজেলা স্কাউট কমিশনার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউট সমাবেশের আহ্বায়ক ও একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট সমাবেশের সদস্যসচিব নুরুজ্জামান, ডিআরসি প্রোগ্রাম খুলনাঞ্চলের মনোয়ার আহমেদ, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটির সভাপতি মনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী শিক্ষকেরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার ২৬টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের স্কাউট দল এ সমাবেশে অংশ নিচ্ছে। প্রতিটি দলে একজন শিক্ষকসহ মোট আটজন সদস্য রয়েছেন। ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী এ সমাবেশের কার্যক্রম চলবে। সমাবেশ সফল করতে কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম সবার সহযোগিতা কামনা করেছেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া