রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও দর্শনায় শহিদ রফিকুলের ১৩তম শাহাদাতবার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গা ও দর্শনায় শহিদ রফিকুলের ১৩তম শাহাদাতবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা ও দর্শনায় শহিদ রফিকুল ইসলামের ১৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দর্শনা হল্ট স্টেশন এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


দর্শনা অফিস জানায়, গতকাল বাদ এশা দর্শনা হল্ট স্টেশনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা থানা শাখার সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার আমির সাহিকুল আলম অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবির হোসেন, তানজিল হুসাইন ও মাওলানা এম এম মাহমুদুল হাসান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা পৌর শাখার বায়তুলমাল সম্পাদক আব্দুর রহমান এবং সাবেক দায়িত্বশীল নাজমুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দর্শনা পৌর শাখার সভাপতি লোকমান হোসেন হৃদয় ও সঞ্চালনায় ছিলেন মাসুম বিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ শাখার সেক্রেটারি লিমন হোসেন, বায়তুলমাল সম্পাদক শাকিল হোসেন, বায়েজিদ হোসেন কাফি, সাদ আহমেদ, রাজিবুল হোসেনসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ। আলোচনা সভায় বক্তারা শহীদ রফিকুল ইসলামের জীবন, আদর্শ ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


এদিকে সরোজগঞ্জ প্রতিবেদক জানান, গতকাল শনিবার বাদ জোহর বোয়ালিয়া পশ্চিমপাড়া জামে মসজিদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন বোয়ালিয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ওমর ফারুক।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহম্মেদ। তিনি তাঁর বক্তব্যে শহিদ রফিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, শহিদদের আত্মত্যাগ ও তাঁদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা গুরুত্বপূর্ণ। তাঁদের জীবন, আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায়বিচার, মানবিকতা, নৈতিকতা ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, শহিদ রফিকুল ইসলামের স্মৃতি ধরে রাখতে তাঁর পরিবার ও স্বজনদের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করা সবার নৈতিক দায়িত্ব।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনিরুল ইসলাম মনি, আব্দুর রশিদ, বোয়ালিয়া পশ্চিমপাড়ার আলহাজ উদ্দিন মোজ্জাম্মেল, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মাসুম বিল্লাহ, জেলা অফিস সম্পাদক পারভেজ আলম ও জেলা সাহিত্য সম্পাদক শাওন আহম্মেদসহ জেলা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুতুবপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সিয়াম হোসেন।


আলোচনা সভা শেষে শহিদ রফিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা, তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া পশ্চিমপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন ও রহিমা খাতুনের সন্তান রফিকুল ইসলাম ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন কর্মী। ২০১৩ সালের ১০ অক্টোবর তৎকালীন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল দর্শনা হল্ট স্টেশনে পৌঁছালে সেখানে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রফিকুল ইসলাম নিহত হন বলে তাঁর স্বজন ও সংগঠনের নেতাকর্মীরা জানান।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে ইয়া রসুলুল্লাহ (স.) হাফিজিয়া মাদ্রাসায়