দামুড়হুদা উপজেলা সদরে আব্দুল মান্নান ইলেকট্রনিক্সের দোকান থেকে দিনের বেলায় দুটি বড় আইপিএস মেশিন চুরি হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে লাল রঙের একটি মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি মেশিন দুটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকানমালিক দামুড়হুদা মডেল থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর দুপুর ১টা ১৩ মিনিটে দোকানমালিক আব্দুল মান্নান দোকানের সামনে দুটি বড় আইপিএস মেশিন রেখে জোহরের নামাজ আদায় করতে মসজিদে যান। পরে বেলা ১টা ৪৫ মিনিটে নামাজ শেষে দোকানে ফিরে এসে দেখেন, সেখানে রাখা আইপিএস মেশিন দুটি নেই। এসময় তাঁর ডাক-চিৎকারে পাশের দোকানের মালিক আতিকুর রহমান ও ডালিম হোসেন ছুটে আসেন। পরে আশপাশের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া মেশিন দুটির সন্ধান পাননি।
দোকানের সামনে থেকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তির আইপিএস মেশিন নিয়ে চলে যাওয়ার দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দীন বলেন, এ ধরনের চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক দামুড়হুদা