চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়ীয়ায় এক অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়েছে তেঘরী যুব কাফেলা নামের একটি সামাজিক সংগঠন। বৃদ্ধ দম্পতির কর্মসংস্থানের ব্যবস্থা করতে তাদের একটি কাঠের টং দোকান ও বিক্রির মালামাল তুলে দিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার বাদ আসর সড়াবাড়ীয়া স্কুল প্রাঙ্গণে দোকানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। লাল ফিতা কেটে উদ্বোধন করেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পার্শ্ববর্তী বাজদিয়া গ্রামের মুনতাজ হোসেন ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের সামনে অল্প কিছু মালামাল বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন। তাঁদের অসহায়ত্বের চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে গড়াইটুপি ইউনিয়নের তেঘরী যুব কাফেলার সদস্যদের।
এরপর সংগঠনের সদস্যরা উদ্যোগ নিয়ে বৃদ্ধ দম্পতির জন্য একটি কাঠের টং দোকান নির্মাণ এবং দোকানে বিক্রির জন্য প্রয়োজনীয় মালামালের ব্যবস্থা করেন। এর মাধ্যমে তাঁদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ওসি নজরুল ইসলাম বলেন, ‘আমরা সামাজিক জীব। সমাজের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা রয়েছে। মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে এ ধরনের মহৎ কাজে অংশ নেওয়া। আমিও এমন একটি ভালো কাজে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
তিনি তেঘরী যুব কাফেলার উদ্যোগের প্রশংসা করে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ভালো কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এদিকে নতুন দোকান পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। তাঁরা বলেন, ‘আজ আমরা খুবই খুশি। আমাদের সামান্য আয় দিয়েই সংসার চলে। এই তরুণদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাঁদের ভালো রাখেন।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসান, সহসভাপতি লাবলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক, প্রচার সম্পাদক নিসান মিয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক আহসান হাবীব শিপুল, সদস্য আশিক খান, তিতুদহ ক্যাম্পের ইনচার্জ অরুপ কুমার, সড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান ছিজারসহ তেঘরী যুব কাফেলার সদস্যরা। অসহায় বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়িয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার এ উদ্যোগ এলাকায় মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।
প্রতিবেদক হিজলগাড়ি