শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আদালতের নির্দেশের পরও জমি দখলের চেষ্টা!

আলমডাঙ্গায় ভাইয়ের স্ত্রীর সংবাদ সম্মেলন, নিরাপত্তা দাবি
  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২৬ ইং
আদালতের নির্দেশের পরও জমি দখলের চেষ্টা!

আলমডাঙ্গায় ওয়ারিশ সূত্রে পাওয়া জমি বিক্রির পর ভাইয়ের স্ত্রীর নামে রেজিস্ট্রি করা জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন নাছিমা খাতুন (৪৪) নামে এক নারী। জমির মালিকানা ও দখল রক্ষা এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন নাছিমা খাতুন।


লিখিত বক্তব্যে নাছিমা খাতুন বলেন, তাঁর শ্বশুরের এক ছেলে ও ১০ মেয়ে। আলমডাঙ্গা থানার রুইথনপুর মৌজায় শ্বশুরের ওয়ারিশ সূত্রে পাওয়া জমির অংশ থেকে তাঁর স্বামী আসাদুল হক ঠান্ডু ২০১৩ সালের ২ অক্টোবর ৭২৫১/১৩ নম্বর দলিলের মাধ্যমে ৭ শতক ২৫ পয়েন্ট জমি তাঁর নামে রেজিস্ট্রি করে দেন।


নাছিমার দাবি, তাঁর ননদ তহুরা খাতুন পিতার ওয়ারিশ সূত্রে পাওয়া ১১ শতক জমি ২০০২ সালের ২৪ অক্টোবর ৭৪৮৩ নম্বর দলিলের মাধ্যমে বিক্রি করে দেন। এরপরও তহুরা খাতুন তাঁর নামে রেজিস্ট্রি করা জমিটি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন নাছিমা। এ ঘটনায় তিনি আদালতের শরণাপন্ন হলে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থেকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয় বলে জানান নাছিমা।


তবে আদালতের ওই নির্দেশের পরও গত ৫ সেপ্টেম্বর তহুরা খাতুন, তাঁর ছেলে তোতাসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এসময় জমিতে ইট ফেলে ঘর নির্মাণের প্রস্তুতি নেওয়া হয় বলেও দাবি করেন নাছিমা। পাশাপাশি টিনের ছাপরা, বিচালীর গাদা ও পাটখড়ির গাদা দিয়ে জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।


নাছিমা আরও বলেন, জমিতে দখলের চেষ্টা ঠেকাতে গেলে তাঁকে গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি আলমডাঙ্গা থানায় অভিযোগ করেছেন। পরে পুলিশ বিষয়টি তদন্তের জন্য হাপানিয়া ক্যাম্পে পাঠায়। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ক্যাম্পে উপস্থিত হতে বলা হলেও তহুরা খাতুন সেখানে উপস্থিত হননি বলে দাবি করেন তিনি।


সংবাদ সম্মেলনে নাছিমা খাতুন তাঁর নামে রেজিস্ট্রি করা জমির মালিকানা ও দখল রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান তিনি। এ বিষয়ে অভিযুক্ত তহুরা খাতুনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে দুর্গাপূজা উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা