জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। গতকাল মঙ্গলবার সুটিয়া বাজার এলাকায় জমজমাট আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন এলাকার ৩২টি লাঠিয়াল দল অংশ নেয়। ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে সকাল থেকেই সুটিয়া বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে খেলা দেখতে সুটিয়া বাজার মাঠ ও আশপাশের এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষ। লাঠিয়ালদের কসরত, লাঠির ছন্দময় চাল ও প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর নানা কৌশল দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
খেলায় অংশ নেওয়া লাঠিয়ালরা দলবদ্ধভাবে মাঠে নেমে নিজেদের দক্ষতা ও শারীরিক কসরত প্রদর্শন করেন। লাঠির তালে তালে বিভিন্ন কৌশল প্রদর্শনের সময় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে গ্রামবাংলার লোকজ সংস্কৃতির অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত এই লাঠি খেলা নতুন প্রজন্মের কাছেও ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ, ওসি (তদন্ত) আতিয়ার রহমান, জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সীমান্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মঈন উদ্দিন ময়েন, বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম মুন্সি। এছাড়া সুটিয়া গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিথিরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের লোকজ সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন নিয়মিতভাবে করা হলে নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে।
জীবননগর অফিস