দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কুতুবপুর মাঝপাড়ায় পুকুরের পানিতে ডুবে সিয়াম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ করুণ ঘটনা ঘটে। সিয়াম কুতুবপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে আপন দুই চাচাতো ভাই খেলছিল। এর আগে দোকান থেকে খাবার কেনার জন্য সিয়ামের হাতে ১০ টাকা দিয়েছিলেন তার মা। খেলতে গিয়ে কোনো একসময় সেই ১০ টাকা পানিতে পড়ে যায়। মায়ের দেওয়া টাকা তুলতে গিয়ে সিয়াম পুকুরের পানিতে পড়ে যায়। এসময় তার সঙ্গে থাকা চাচাতো ভাই সাইম বিষয়টি দেখতে পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘসময় খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
মাত্র তিন বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সন্তান হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন সিয়ামের মা-বাবা ও স্বজনরা। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিবেদক কার্পাসডাঙ্গা