শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার পৃথক স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রবীণদের নিরাপদ জীবন নিশ্চিতে মানবিক হওয়ার তাগিদ
  • আপলোড তারিখঃ ০২-১০-২০২৬ ইং
চুয়াডাঙ্গার পৃথক স্থানে নানা আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার সদর, আলমডাঙ্গা, দামুড়হুদার কার্পাসডাঙ্গা এবং জীবননগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচিতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রবীণদের ফুলেল শুভেচ্ছা জানানোর আয়োজন করা হয়।


চুয়াডাঙ্গা:
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রবীণদের ফুলেল শুভেচ্ছা জানানোর আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কোর্টমোড় প্রদক্ষিণ করে ডিসি সাহিত্য মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ-জামান। সভার শুরুতে উপস্থিত প্রবীণদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ও সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সি স্বাগত বক্তব্য দেন। জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আইনাল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান, মূল্যবোধ ও অবদান সমাজের জন্য অমূল্য সম্পদ। জীবনের দীর্ঘ সময় তারা পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই প্রবীণদের প্রতি সম্মান, ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।


তিনি আরও বলেন, প্রবীণদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময় জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও মানবিক হতে হবে। তাদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, মানসিক প্রশান্তি এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। কোনো প্রবীণ যেন অবহেলা, অনাদর কিংবা একাকিত্বের শিকার না হন, সেদিকে পরিবার ও সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


জেলা প্রশাসক বলেন, প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব কর্মসূচির সুবিধা যথাযথভাবে প্রবীণদের কাছে পৌঁছে দিতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নেও তাদের সম্পৃক্ত করা প্রয়োজন।


তিনি আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের প্রবীণ। তাই প্রবীণদের সম্মান, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে আমাদের একটি মানবিক, সহনশীল ও সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। প্রবীণদের প্রতি দায়িত্বশীল আচরণ শুধু একটি সামাজিক কর্তব্য নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।


আলোচনা সভায় আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শাজাহান আলী, সুবর্ণ মানব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মিম্মা সুলতানা প্রমুখ।
বক্তারা প্রবীণদের সামাজিক ও পারিবারিক মর্যাদা রক্ষা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং তাদের প্রতি অবহেলা ও একাকিত্ব দূর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা। অনুষ্ঠানে জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ জেলার বিভিন্ন এলাকার প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আলমডাঙ্গা:
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রশাসনের কর্মকর্তা, সমাজসেবা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও প্রবীণরা অংশ নেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মহেশ^র কুমার মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা ব্যায়ামাগারের সভাপতি ইকবাল হোসেন মিয়া, মহি উদ্দিন, আসাদুজ্জামান বাবু, নওদাবন্ডবিল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার আব্দুল কাদের, সাবেক ব্যাংকার মানোয়ার হোসেন, প্রবীণ ব্যক্তি বুলবুলী রানী, আইনুল হকসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও কর্মচারী।


কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কারিতাস বাংলাদেশ SDDB প্রকল্পের আয়োজনে ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী হাফিজুর রহমান, সাজিবার রহমান মেম্বর, আলমগীর হোসেন, দেলোয়ারা খাতুন, সিরাজুল ইসলাম, আলোর দিশা সংগঠনের সভাপতি মি. সুদিন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস এসডিডিবি প্রকল্পের এনিমেটর বাপ্পা মন্ডল। অনুষ্ঠান শেষে প্রবীণদের মাঝে বিভিন্ন প্রজাতির দুর্লভ ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের দিনের কর্মসূচির শুরুতে ব্যানার ও টি-শার্টসহ প্রবীণ ব্যক্তিদের ব্যাপক অংশগ্রহণে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য, প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও সেবাপ্রাপ্তির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। আলোচনায় প্রবীণদের পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও প্রবীণ ভাতার আওতা সম্প্রসারণ, ইতোমধ্যে জমা দেওয়া ভাতার আবেদন তালিকাসমূহের বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদে প্রবীণদের জন্য একটি Corner স্থাপনের দাবি ও প্রত্যাশা তুলে ধরা হয়। চেয়ারম্যান আ:করিম বিশ্বাস এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজসেবা কর্মকর্তার প্রতি প্রয়োজনীয় সুপারিশ ও সহযোগিতার অনুরোধ জানান। উপজেলা সমাজসেবা অফিসার বিষয়টি তদারকি করার এবং যোগ্য প্রবীণদের সরকারি ভাতার আওতায় আনার উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন; বিশেষভাবে ক্লাবের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান।


জীবননগর:
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনে জীবননগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে জীবননগর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রবীণদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন জীবননগর উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি। তিনি বলেন, প্রবীণেরা আমাদের বাবা-মা বা গুরুজন। সময়ের সাথে সাথে আমরাও একসময় প্রবীণ হবো। প্রবীণদের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। বর্তমান সরকার প্রবীণদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। কোনো সন্তান পিতামাতার ভরণপোষণের দায়িত্ব না নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান চালু হয়েছে। তাছাড়াও সরকার প্রবীণদের জন্য বয়স্কভাতা দিচ্ছে। আমাদের পরিবারে বা সমাজে যে প্রবীণরা আছে সবাই সবার জায়গা থেকে তাদেরকে যত্ন নেবো।
জীবননগর উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রবীণ কমিটির সভাপতি শাহাজাহান আলী, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদ মো. রিপন হোসেন, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুর জব্বার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, সমাজসেবা কর্মকর্তা নূর আলম, উপজেলা লোকমোর্চার প্রোগ্রামার অফিসার আব্দুল আলীম সজল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীণ কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তার পরের বছর ১৯৯১ সাল থেকে এই দিনে বিশ্বব্যাপী দিবসটি পালন হয়ে আসছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ