চুয়াডাঙ্গার কলোনীপাড়ায় কম্পিউটার ব্যবসায়ীকে কুপিয়ে জখম
- আপলোড তারিখঃ
২৮-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ধারালো অস্ত্রের কোপে চাঁন মিয়া নামের এক কমপিউটার ব্যবসায়ী গুরুতর জখম হয়েছে। গতকাল সন্ধ্যায় ফার্মপাড়ার চার যুবক তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে তাকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা চাঁনমিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার পরিবার।
আহত চাঁন মিয়া জানান, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় কলোনীপাড়া মোড়ে আমার নিজ কম্পিউটারের দোকানে কাজ করছিলাম। এমন সময় পৌর এলাকার ফার্মপাড়ার মসলেমের ছেলে নিজাম, আনোয়ারের ছেলে লালন, মৃত মোবারেকের ছেলে মুস্তাক ও সুধা আমার দোকানের ভিতরে ঢুকে প্রথমে আমার চোখে মরিচের গুড়া ছুড়ে দেয়। তারপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে চারজন মিলে আমার মাথায়, পিঠে ও হাতে কুপাতে থাকে। এমন সময় আমার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তারা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আমাকে রক্তাক্ত অবস্তায় পড়ে থাকতে দেখে তারা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
হামলার কারণ জানতে চাইলে আহত চান মিয়া বলেন, গত তিন বছর আগে বিএডিসি ফার্মের টেন্ডারের সময় এ চারজনের সাথে আমার মনোমালিন্যের সৃষ্টি হয়। ঐ রাগ মেটাতেই আমার উপর এই হামলা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। আহত চান মিয়া পৌর এলাকার কলোনীপাড়ার আব্দুল মালেকের ছেলে।
কমেন্ট বক্স