আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ঋণের বোঝা ও আর্থিক সংকটে আত্মহত্যা করা মোহনের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। স্বামীকে হারিয়ে তিন শিশুসন্তানকে নিয়ে সংকটে পড়া পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের নির্দেশনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদুল ইসলামের উপস্থিতিতে মোহনের পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঋণের বোঝা ও আর্থিক সংকটে ছিলেন মোহন। অভাব-অনটনের মধ্যে একপর্যায়ে তিনি আত্মহত্যা করেন। তার মৃত্যুর পর স্ত্রী ও তিন শিশুসন্তানকে নিয়ে পরিবারটি আরও বিপাকে পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সন্তানদের খাবার, চিকিৎসা ও পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ে।
পরিবারটির অসহায়ত্বের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে ইউএনও শাহীনুর আক্তারের নির্দেশে সমাজসেবা দপ্তরের মাধ্যমে তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে মঙ্গলবার পরিবারটির হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে।
স্থানীয়রা জানান, বিপদের সময়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগটি প্রশংসনীয়। তবে তিন শিশুর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি তাদের পড়াশোনা, চিকিৎসা ও পরিবারের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী সহযোগিতা প্রয়োজন। স্থানীয়দের আশা, সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সহযোগিতা অব্যাহত থাকলে পরিবারটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে পারবে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া