আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের জোয়ার্দ্দারপাড়ায় বাবার ওপর অভিমান করে বিষপানে রিপন আলী (১৭) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। গত রোববার বিষপানের পর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়। নিহত রিপন আলী জোয়ার্দ্দারপাড়া গ্রামের কবিবুল ইসলামের ছেলে এবং ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টার দিকে বাবার ওপর অভিমান করে রিপন মাদ্রাসায় গিয়ে বিষপান করেন। বিষয়টি শিক্ষকরা জানতে পেরে তাকে উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল সোমবার সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে রিপনের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে দুপুর ১২টায় ভাংবাড়ীয়া কেন্দ্রীয় কবরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই তাকে দাফন করা হয়। রিপনের মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে তার রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া