দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামে এক ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। একই সাথে বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার অপরাধে কনের বাবাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে কুড়ুলগাছি গ্রামে গোপনে বাল্যবিবাহের আয়োজন চলছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। অভিযানের নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
স্থানীয় সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে বিয়ে বন্ধ হওয়ার পর ওই কিশোরী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে দ্রুত দর্শনার মুক্তি ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন। বর্তমানে ওই কিশোরী সুস্থ রয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন জানান, বাল্যবিবাহের আয়োজন ও এতে সহযোগিতা করার দায়ে কিশোরীর বাবাকে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর ৮ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে তার পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। এছাড়াও হঠাৎ ওই কিশোরী অসুস্থ হয়ে পড়ায় আমরা দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে ওই কিশোরী সুস্থ আছেন।
সমীকরণ প্রতিবেদক