চুয়াডাঙ্গা সদর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় এবং উপজেলার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে সব প্রশাসক ও চেয়ারম্যানকে পাঁচটি করে লিফলেট দেওয়া হবে। তারা এসব লিফলেট ফটোকপি করে প্রতিটি গ্রাম ও এলাকায় গ্রাম পুলিশের মাধ্যমে বিতরণ করবেন। কোথায় কোথায় লিফলেট বিতরণ করা হয়েছে, তার একটি তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনে জমা দিতে হবে।’ তিনি আরও বলেন, উপজেলার পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে হচ্ছে কি না, তা তদারকির জন্য পুরো উপজেলায় একটি মনিটরিং টিম গঠন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত সমাজকল্যাণ সংগঠক সাঈদ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা লায়লা তাসলিমা নাসরিন ও তথ্যসেবা সহকারী ফারজানা ইয়াসমিন।
এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনিসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও ইউনিয়ন পরিষদের প্রশাসকরা উপস্থিত ছিলেন।
এদিকে, দেশব্যাপী ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে, সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ডেঙ্গুসহ মহাশবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট সকলকে ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, সমবায় অফিসার নূর আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ইভা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন শফি, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন প্রমুখ। এছাড়া সভায় উপজেলা পরিষদের সংশ্লিষ্ট সদস্য, স্বাস্থ্য কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদক