দেশজুড়ে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকায় এর বিস্তার রোধ, প্রতিকার ও প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের মোহাম্মাদীয়া দারুল উলুম কওমি মাদ্রাসায় এ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু রোগের বর্তমান পরিস্থিতি, রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সংগঠনটির সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, মাদ্রাসা একটি পবিত্র স্থান। তবে একই ছাদের নিচে অনেক শিক্ষার্থী অবস্থান করায় একজন শিক্ষার্থী ভাইরাসজনিত কোনো রোগে আক্রান্ত হলে তা দ্রুত অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এ কারণে শিক্ষার্থীদের ডেঙ্গু রোগ সম্পর্কে সচেতন করা অত্যন্ত জরুরি।
মাদ্রাসার মুহতামিম মো. শহীদুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের একটি সচেতনতামূলক কার্যক্রমের প্রয়োজন ছিল। সংগঠনটির পক্ষ থেকে আজকের আয়োজনের মাধ্যমে সেই প্রয়োজন পূরণ হয়েছে। আশা করি, এই কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।’ এসময় উপস্থিত ছিলেন মুফতি লোকমান হাকিম, ওস্তাদ মো. নুরুজ্জামান, আবু বকর, আব্দুল কুদ্দুছসহ মাদ্রাসার শিক্ষকরা। এছাড়া বাংলাদেশ ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভের সদস্য সাহাবুল, সাব্বির ও ফারদিন ফারাবিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া