বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভায় ডিসি

দপ্তরগুলোকে বৃহস্পতিবার পরিচ্ছন্নতা দিবস পালনের আহ্বান
  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভায় ডিসি

চুয়াডাঙ্গায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর পাশাপাশি জেলার সব সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানকে প্রতি বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালনের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম এবং অন্যান্য মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা, স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ‘কাজীর গরু কেতাবে থাকবে, গোয়ালে থাকবে না- এমন যেন না হয়। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জেলায় যেন কোনোভাবেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে না পারে, সেদিকে সবাইকে দায়িত্বশীল হতে হবে।’


গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ কমিটির সভায় এসব কথা বলেন তিনি। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরও বলেন, চুয়াডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাসভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের শিডিউল করা হয়েছে। কোন দিন কোন এলাকায় অভিযান পরিচালনা করা হবে, সেই অনুযায়ী কার্যক্রম হচ্ছে কি না, তা সংশ্লিষ্টদের নজরদারি করতে হবে। শুধু অভিযান চলাকালে নয়, নিয়মিতভাবে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


তিনি জেলার সব দপ্তর ও প্রতিষ্ঠানকে প্রতি বৃহস্পতিবার পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নির্ধারিত দিন হিসেবে পালনের আহ্বান জানান। পাশাপাশি কোথাও দীর্ঘসময় পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


সভায় ডেঙ্গু প্রতিরোধে জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে হাটবাজার, রেস্তোরাঁ ও খাবারের হোটেলসহ জনসমাগমপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। সভায় বলা হয়, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি, ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কার করতে হবে। এসব স্থানে যাতে মশার লার্ভা বিস্তার লাভ করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি প্রয়োজন। জেলার বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোতেও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।


জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয় হতে হবে। নিয়মিত মশার প্রজননস্থল শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। কারও বাড়ির আশপাশে পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ারও আহ্বান জানান তিনি।


সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক ও চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসক শারমিন আক্তার পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডেঙ্গু প্রতিরোধে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। এসময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নিয়মিত মনিটরিং জোরদারের নির্দেশ দেন।


সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ-জামান, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা তাসলিমা নাসরিন, চুয়াডাঙ্গা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস সুলতানা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, জেলা মহিলা দলের সভাপতি রউফুন্নাহার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও সংবাদকর্মীরা।



কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে ‘মাদক প্রতিরোধে যুব সমাজের সম্পৃক্ততা’ শীর্ষক সেমিনার