সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল

দামুড়হুদা উপজেলাকে হারিয়ে ফাইনালে আলমডাঙ্গা উপজেলা
  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল

চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের সেমিফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে টাইব্রেকারে দামুড়হুদা উপজেলা দলকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আলমডাঙ্গা উপজেলা দল। নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে গোলরক্ষক শাওনের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি আলমডাঙ্গার খেলোয়াড়দের নিখুঁত শটে জয় নিশ্চিত হয়।


গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। দুই দলই গোলের জন্য একাধিক সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের রক্ষণ ও গোলরক্ষকদের দৃঢ়তায় সেসব সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়।


এরপর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। দামুড়হুদা উপজেলার হয়ে জাহাঙ্গীর, শুভ ও রকি গোল করেন। অপর দিকে, আলমডাঙ্গা উপজেলার হয়ে সাইম, জীবন, নাইজেরিয়ার খেলোয়াড় ইউনুস কামারা ও আইভরি কোস্টের গার্ডস বল জালে জড়িয়ে দলকে ৪-৩ ব্যবধানে জয় এনে দেন। এই জয়ের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে জায়গা করে নেয় আলমডাঙ্গা উপজেলা দল।


ম্যাচজুড়ে আলমডাঙ্গার গোলরক্ষক শাওন ছিলেন দুর্দান্ত। প্রতিপক্ষের একাধিক আক্রমণ ঠেকিয়ে দলের গোলবার অক্ষত রাখার পাশাপাশি টাইব্রেকারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তার অসাধারণ গোলকিপিং পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়। আলমডাঙ্গা দলের হয়ে মাঠ মাতান আইভরি কোস্টের বিদেশি খেলোয়াড় গার্ডস ও নাইজেরিয়ান খেলোয়াড় ইউনূস কামারা। পুরো ম্যাচেই তাদের গতি, বল নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ফুটবল দর্শকদের নজর কাড়ে। টাইব্রেকারেও তারা ঠান্ডা মাথায় গোল করে দলের জয় নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।


এদিকে, আলমডাঙ্গার উদীয়মান খেলোয়াড় সাইমও নজর কাড়েন। তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাকে ‘বেস্ট রাইজিং’ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়। এবং বেষ্ট ডিফেন্ডার নির্বাচিত হয় দীপ্ত। ম্যাচে দামুড়হুদা উপজেলা দলের কোচের দায়িত্বে ছিলেন জাকির আশাদুল। অন্যদিকে, আলমডাঙ্গা উপজেলা দলকে কোচ ছিলেন শরীফুল সাগর।


খেলা দেখতে পুরাতন স্টেডিয়াম মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শারমিন আক্তার, জেলা ক্রীড়া কর্মকর্তা সেলিম রেজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। এছাড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক গ্যালারিতে উপস্থিত থেকে দুই দলের লড়াই উপভোগ করেন।
উত্তেজনাপূর্ণ এই সেমিফাইনালে জয় পাওয়ায় আলমডাঙ্গা উপজেলা দল এখন টুর্নামেন্টের ফাইনালে। ফাইনালে তারা শিরোপার জন্য লড়াই করবেন চুয়াডাঙ্গা পৌরসভার বিপক্ষে।



কমেন্ট বক্স
notebook

চুয়াডাঙ্গায় ৪৮ ঘণ্টা প্রাইভেট চেম্বার ও ক্লিনিক বন্ধের ঘোষণা